অপরাধের অভয়ারণ্য সিলেট:এবার স্বামীর খুন্তির আঘাতে স্ত্রী খুন!
সিলেট যেন এখন এক আতঙ্কের নগরী। বাবার হাতে মেয়ে ধর্ষণ, চাচার হাতে ভাতিজি, মায়ের হাতে সন্তান খুন, মাদরাসা শিক্ষকের হাতে শিক্ষার্থী বলাৎকার থেকে শুরু করে ছিনতাইকারীর হাতে র্যাব সদস্য খুন—কোনো কিছুই যেন বাদ নেই। একের পর এক হত্যা, ধর্ষণ আর পাল্লা দিয়ে চলতে থাকা ছিনতাইয়ের ঘটনায় জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। এই অপরাধের মিছিলে যুক্ত হলো আরও একটি নির্মম ঘটনা; এবার সিলেটের গোলাপগঞ্জে স্বামীর হাতে খুন হয়েছেন এক গৃহবধূ।
শনিবার (২৩ মে) বিকেল ৪টার দিকে গোলাপগঞ্জ উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের উত্তর জাঙ্গালহাটা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহত নারীর নাম ফাহমিদা আক্তার মোহনা (২৭)।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেলে পারিবারিক বিষয় নিয়ে ফাহমিদা আক্তার মোহনার সাথে তার স্বামী জাহিদুল ইসলাম ছদরুলের (৩৫) কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ছদরুল চরম উত্তেজিত হয়ে ঘরে থাকা লোহার খুন্তি দিয়ে মোহনার মাথায় সজোরে আঘাত করেন। এতে মোহনা তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর ৪ বছরের পুত্রসন্তান আবির আহমদকে রেখে ঘাতক স্বামী দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যান। তবে কী কারণে এই ঝগড়া বা হত্যাকাণ্ড, তা নিয়ে পরিবারের কোনো সদস্যই মুখ খুলতে রাজি হননি।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুল ইসলাম প্রথম সিলেটকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "স্থানীয় বাসিন্দা ও পরিবারের সাথে কথা বলে জানা গেছে জাহিদুল ইসলাম ছদরুল কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে, তাকে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।"
গোলাপগঞ্জের এই হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং গত কয়েকদিনে সিলেটের অপরাধ চিত্র কতটা ভয়াবহ রূপ নিয়েছে-তা গণমাধ্যমে পাতায় চোখ রাখলেই বোঝা সম্ভব। কথাগুলো বলছিলেন, সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলার সাবেক আহবায়ক অধ্যাপক জান্নাত আরা খান। তিনি বলেন, মাত্র ২৪ থেকে ৪৮ ঘণ্টার ব্যবধানে একই অঞ্চলে এতগুলো খুনের ঘটনা এবং পারিবারিক অবক্ষয়ের চিত্র পুরো সিলেটবাসীকে স্তব্ধ করে দিয়েছে। অপরাধের এই লাগামহীন ঘোড়াকে টেনে ধরতে এবং সাধারণ মানুষের মনে স্বস্তি ফেরাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর ও বিশেষ ক্র্যাকডাউন এখন সময়ের দাবি।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: