গোলাপগঞ্জে রোটারি ক্লাবের তিনটি পাবলিক ইমেজ বিলবোর্ড স্থাপন
তৃণমূল পর্যায়ে শিক্ষার আলো বিস্তার, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং পোলিও নির্মূলসহ বিভিন্ন সামাজিক ইতিবাচক বার্তা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রোটারি ক্লাব অব সিলেট ইম্পেরিয়াল। এই কার্যক্রমের অংশ হিসেবে গোলাপগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ তিনটি স্থানে তিনটি রোটারি পাবলিক ইমেজ বিলবোর্ড স্থাপন করা হয়েছে।
সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিলবোর্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ রোটারির ডেপুটি কান্ট্রি কোর্ডিনেটর ও পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর (পিডিজি) আতাউর রহমান পীর।
রোটারি ক্লাব অব সিলেট ইম্পেরিয়ালের পিপি হাসান কবির চৌধুরীর সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোঅর্ডিনেটর এডমিন কামরুজ্জামান চৌধুরী রুম্মান, গোলাপগঞ্জ মডেল থানার সেকেন্ড অফিসার মিলন কুমার মৈত্র এবং রোটারি ক্লাব অব সিলেট সিনার্জির পিপি আব্দুর রহমান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো ছড়ানোর পাশাপাশি স্বাস্থ্য ও জনসচেতনতা সৃষ্টিতে রোটারি ক্লাবের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে তৃণমূল পর্যায়ে অভিভাবকদের সচেতন করার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে এ ধরনের ভিজ্যুয়াল ক্যাম্পেইন দীর্ঘমেয়াদি ভূমিকা রাখবে। বিলবোর্ডে শিক্ষার গুরুত্বের পাশাপাশি বিশ্বব্যাপী পোলিও নির্মূলের চলমান কার্যক্রমের বার্তা তুলে ধরায় সাধারণ মানুষের মাঝে সচেতনতা আরও বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— ক্লাব প্রেসিডেন্ট মো. বাহাউদ্দিন, ক্লাব সেক্রেটারি রবীন্দ্র রায়, প্রেসিডেন্ট ইলেকট্র কাউসার উদ্দিন, পিপি জিন্নুন চৌধুরী, রোটারিয়ান নুরুল ইসলাম, রোটারিয়ান আব্দুল আহাদ এবং রোটারি ক্লাব অব সিলেট সানসাইনের রোটারিয়ান আকমাম আহমেদ চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, গোলাপগঞ্জ উপজেলার জনবহুল ও গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট—গোলাপগঞ্জ এমসি একাডেমির সামনে, গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস অফিসের সামনে এবং গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সামনে এই বিলবোর্ডগুলো স্থাপন করা হয়েছে।
হাসান কবির চৌধুরী / নীরব চাকলাদার/ প্রসি- ২০২৬
মন্তব্য করুন: