তিন দিনের সফরে আজ সিলেট আসছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী আব্দুল মুক্তাদির
তিন দিনের সরকারি সফরে আজ মঙ্গলবার (২৬ মে) সিলেট যাচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। সফরকালে তিনি স্থানীয় ব্যবসায়ী, চা-বাগান পঞ্চায়েত কমিটি, ইমাম সমিতিসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে মতবিনিময় করবেন এবং সিলেটে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করবেন।
গতকাল ২৫ মে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ও মন্ত্রীর একান্ত সচিব ফখরুদ্দিন আহামেদ স্বাক্ষরিত এক সরকারি সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে।
সফরসূচি অনুযায়ী, আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিজি-০৬০৫) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হবেন মন্ত্রী। রাত আটটায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি রাত সোয়া আটটায় স্থানীয় চামড়া সংরক্ষণ ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
আগামীকাল বুধবার (২৭ মে) দিনভর সিলেট সার্কিট হাউসে একাধিক মতবিনিময় সভায় অংশ নেবেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকাল ১০টায় জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে তাঁর দিনের কর্মসূচি শুরু হবে। এরপর সকাল ১১টায় কালিঘাট চাল বাজার সমিতি, বেলা সাড়ে ১১টায় ইনান ইসমাম হোসেন চৌধুরী প্রিয় এবং দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার আওতাধীন ১২টি চা-বাগানের পঞ্চায়েত কমিটির সঙ্গে মতবিনিময় করবেন তিনি। দুপুরে আড়াইটায় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য (ভিসি) মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে বিকেল তিনটায় জালালাবাদ ইমাম সমিতির সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন মন্ত্রী।
সফরের শেষ দিন আগামী বৃহস্পতিবার (২৮ মে) সকাল আটটায় ঐতিহাসিক সিলেট শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করবেন এবং সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন মন্ত্রী। এরপর দুপুর ১২টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিরতি ফ্লাইটে (বিজি-০৬০২) তিনি ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।
সরকারি এই সফরে মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন তাঁর ব্যক্তিগত কর্মকর্তা তোফায়েল আহমেদ এবং ব্যক্তিগত সহকারী রনি পাল। মন্ত্রীর সফরকালীন নিরাপত্তা ও প্রটোকলের জন্য সিলেট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
ডি আর ডি
মন্তব্য করুন: