সিলেটে শ্রমিক নেতা আবুল হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
সিলেটের কোম্পানীগঞ্জের শ্রমিক নেতা আবুলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ মে) সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের গৌরীনগর পয়েন্টে উপজেলার স্থানীয় সর্বস্তরের জনতার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা শ্রমিক নেতা আবুলের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, আবুল একজন নিরপরাধ ও নিরীহ একজন ট্রাক শ্রমিক। কোন কারণ ছাড়াই রাতের আঁধারে সন্ত্রাসী হামলা করে তাকে খুন করা হয়েছে। কোম্পানীগঞ্জের মাটিতে কোনো খুনির ঠাঁই হবে না। প্রশাসনকে অবিলম্বে ঘাতকদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসি নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।
গৌরীনগর গ্রামের আনোয়ারুল হকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- কোম্পানীগঞ্জ উপজেলা ট্রাক, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি মাহফুজ আহমদ, বিশিষ্ট মুরব্বি নুরুর রশিদ, আমির উদ্দিন,গৌরীনগরের প্রবাসী সংগঠনের সভাপতি রহিম উদ্দিন, পূর্ণাছগামের আহসান উদ্দিন, বর্ণি গ্রামের ইকবাল হোসেন এমাদ, যুব নেতা কিনু মিয়া, মিজানুর রহমান, সাদ্দাম হোসেন প্রমুখ।
মানববন্ধন শেষে একটি বিশাল প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা ও শ্রমিকেরা খুনিদের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটিতে উপজেলার বিভিন্ন গ্রামের সাধারণ মানুষ ও পরিবহন শ্রমিকেরা অংশ নেন।
এর আগে গত বৃহস্পতিবার রাতে ধোপাগুল থেকে বাড়ি ফেরার পথে উপজেলার খাগাইল গ্রামের একদল সশস্ত্র সন্ত্রাসী গৌরীনগর গ্রামের আবুল হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে রাস্তায় ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল বুধবার সকালে মারা যান।
মীর্জা ইকবাল/ সোহেল রানা
মন্তব্য করুন: