সিলেটে ‘পরকীয়ার’ জেরে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা, আটক ১
সিলেট নগরীর রায়নগর দপ্তরিপাড়া এলাকায় পরকীয়ার জেরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ রোববার (৩১ মে) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম জুয়েল (২৬)। এই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে মো. হাবিল (২৫) নামের তাঁর এক বন্ধুকে আটক করেছে পুলিশ।
নিহত জুয়েল ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার সিধলা ইউনিয়নের ভেরা গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি রায়নগর দপ্তরিপাড়ার একটি কলোনিতে ভাড়া থাকতেন। আর আটক হাবিল নগরীর বালুচর এলাকার মো. আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুয়েল ও হাবিল পরস্পর বন্ধু ছিলেন। হাবিলের দাবি, তাঁর স্ত্রীর সঙ্গে জুয়েলের অনৈতিক সম্পর্ক ছিল। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধের জেরে আজ সকাল ১১টার দিকে তাঁদের মধ্যে হাতাহাতি হয়। মারামারির একপর্যায়ে হাবিল জুয়েলকে টেনে পার্শ্ববর্তী গোয়ালীছড়া খালে ফেলে দেন এবং তাঁর সঙ্গে থাকা ধারালো সুইচ গিয়ার চাকু দিয়ে জুয়েলের গলা, পিঠ ও বুকে এলোপাতাড়ি আঘাত করেন।
পরে আশপাশের লোকজন গুরুতর আহত জুয়েলকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয় জনতা হাবিলকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
আটক হাবিল পুলিশের কাছে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে দাবি করেন, স্ত্রীর সঙ্গে জুয়েলের সম্পর্কের বিষয়টি নিয়ে তিনি একাধিকবার বুঝিয়েছেন। কিন্তু কোনো সমাধান না পেয়ে তিনি নিজেই ‘বিচার’ করার সিদ্ধান্ত নেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্ত হাবিলকে উদ্ধার করে। গণধোলাইয়ে আহত হওয়ায় তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
ডি আর ডি
মন্তব্য করুন: