জৈন্তাপুরে কিশোরকে বলাৎকারের অভিযোগে ‘কবিরাজ’ গ্রেপ্তার
সিলেটের জৈন্তাপুর উপজেলায় চিকিৎসা ও কোরআন তিলাওয়াত শেখানোর অজুহাতে ১৬ বছর বয়সী এক কিশোরকে বলাৎকারের অভিযোগে আব্দুর রকিব নামের এক কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় রবিবার (৩১ মে) রাতে ভুক্তভোগী কিশোরের মা বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আব্দুর রকিব উপজেলার দরবস্ত ইউনিয়নের কাঞ্জর গ্রামের আব্দুস শহীদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ মে (শনিবার) বিকেল সাড়ে ৪টার দিকে অভিযুক্ত কবিরাজ আব্দুর রকিব উপজেলার গোয়াবাড়ি এলাকার মুজিবনগর আশ্রয়ণ প্রকল্পের এক নারীর বাড়িতে কবিরাজি চিকিৎসার জন্য আসেন। সেখানে অবস্থানকালে তিনি একই উপজেলার দরবস্ত ইউনিয়নের ১৬ বছর বয়সী এক কিশোরকে কোরআন তিলাওয়াত শেখানোর কথা বলে রাত ৯টার দিকে ওই বাড়িতে ডেকে নিয়ে আসেন।
অভিযোগে প্রকাশ, রাত গভীর হলে ‘জিনের আছর’ ছাড়ানোর চিকিৎসার বাহানা করেন আব্দুর রকিব। তিনি ঘরে থাকা অন্যান্য লোকজনকে দূরে থাকার নির্দেশ দিয়ে বলেন, ঘরের আশপাশে কেউ অবস্থান করলে জিনের ক্ষতি হতে পারে। এরপর তার নির্দেশেই কিশোরসহ তাকে একটি কক্ষে ঢুকিয়ে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দেওয়া হয়।
পরবর্তীতে রাত আনুমানিক ১২টার দিকে ঘরের ভেতর থেকে ওই কিশোরের চিৎকার ও কান্নার শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। সন্দেহবশত তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘরের দরজা খুলে আপত্তিকর অবস্থায় কিশোরকে উদ্ধার করেন এবং অভিযুক্ত কবিরাজকে হাতেনাতে আটক করেন।
খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত আব্দুর রকিবকে নিজেদের হেফাজতে নেয়। এরপর ভুক্তভোগী কিশোরের মায়ের লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়।
জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. উছমান গনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “১৬ বছরের এক কিশোরকে বলাৎকারের অভিযোগে আব্দুর রকিব নামের একজনকে আটক করা হয়েছিল। পরবর্তীতে ভিকটিমের মায়ের করা এজাহারের ভিত্তিতে রবিবার রাতে দণ্ডবিধির ৩৭৭ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।”
তিনি আরও জানান, আজ সোমবার (১ জুন) পুলিশ পাহারায় অভিযুক্ত আসামিকে আদালতে সোপর্দ করা হবে।
এ রহমান
মন্তব্য করুন: