দেশ হাঁটছে প্রত্যাশার বিপরীত রাস্তায় : সিলেটে ডা. শফিকুর রহমান
সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, "দেশ ভালো নেই। এতো মানুষের রক্তের বিনিময়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, দেশ এখন সেই প্রত্যাশার বিপরীতে হাঁটছে। তবে ওই স্রোত যত ভয়াবহ হোক না কেন, আমরা সেই স্রোতের বিপরীতে লড়াই করে যাব।"
মঙ্গলবার (২ জুন) দুপুরে সিলেটে খুন হওয়া শিশু ফাহিমা আক্তারের বাড়িতে গিয়ে তার পরিবারকে সমবেদনা জানান বিরোধী দলীয় নেতা। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকারের ১০০ দিনের মূল্যায়ন জানতে চাইলে ডা. শফিকুর রহমান বলেন, "আগামী ৫ তারিখ থেকে সংসদের বাজেট অধিবেশন শুরু হতে যাচ্ছে। আমার বিস্তারিত মূল্যায়ন আমি সংসদের আগামী অধিবেশনেই তুলে ধরব। তবে এখন শুধু এটুকু বলি— দেশ ভালো নেই।"
দফায় দফায় জ্বালানি তেলের দাম বাড়ানোর তীব্র সমালোচনা করে বিরোধী দলীয় নেতা বলেন, "গত মাসে প্রায় ১৫ শতাংশ পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। এই মাসে আবার প্রতি লিটারে ৫ টাকা করে বাড়ানো হলো। পার্লামেন্টে কোনো আলোচনা না করেই এভাবে দাম বাড়ানো জনগণের সাথে স্পষ্ট প্রতারণা।" ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, জ্বালানি নিয়ে একটি বিশেষ কমিটি থাকা সত্ত্বেও সেখানে কোনো আলাপ করা হয়নি। এই দাম বৃদ্ধির ফলে সবকিছুর দাম বাড়বে এবং সাধারণ জনগণ চরম ভুক্তভোগী হবে। এটি সম্পূর্ণ জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত।
দেশে হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যু প্রসঙ্গে জামায়াতের আমীর বলেন, "হামে শিশু মৃত্যুর দায় সবার। কেবল 'অন্তর্বর্তী অন্তর্বর্তী' বলে দায় এড়ানো যাবে না। অন্তর্বর্তী সরকার যদি হামের টিকা না দেয়, তাও জনগণ জানতে চায়।" তিনি প্রশ্ন তোলেন, "এই সরকার তো হঠাৎ করে ঘুম থেকে উঠে আসেনি। আরও আগে থেকেই তো দেশে হামের প্রাদুর্ভাব ছিল। তারা কেন আগে থেকে ব্যবস্থা নিল না? কেন আগে থেকে টিকার ব্যবস্থা করা হলো না? এ ব্যাপারে আমি সংসদে কথা বলব।"
সিলেটে শিশু ফাহিমা হত্যা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, "একটা লম্পট ছেলের হাতে ফাহিমার জীবন ও ইজ্জত ছিন্নভিন্ন হয়েছে। একটা গোলাপ ফুলের মতো বাচ্চাকে তার বাবা-মার চোখের সামনে থেকে কেড়ে নেওয়া হয়েছে। এই লম্পটের একমাত্র শাস্তি হচ্ছে— তার দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নেই।"
তিনি আক্ষেপ করে বলেন, "আমরা মাসুম বাচ্চাদেরও ইজ্জত রক্ষা করতে পারছি না, অথচ আমরা বড় বড় কথা বলি। কেউ কেউ আবার হুমকির সুরে কথা বলছি। এরকম লম্পটদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সমাজে লম্পটদের দৌরাত্ম্য আরও বেড়ে যাবে। আমরা জাতি হিসেবে লজ্জিত।"
হত্যাকাণ্ডে অভিযুক্ত জাকিরের সমালোচনা করে তিনি বলেন, জাকির এত বড় অপরাধ একা করেনি। তার আপনজনরাও এর সাথে জড়িত। তাদেরকেও দ্রুত আইনের আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে কেউ কোনো লম্পটের সহযোগী হওয়ার সাহস না পায়।
এ সময় বিচারহীনতা ও পুলিশের গাফিলতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলীয় নেতা। ফাহিমা হত্যা মামলার বিচার কাজে দীর্ঘসূত্রতার অভিযোগ তুলে তিনি বলেন, "ঘটনার ২৮ দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত এই মামলার চার্জশিট দেওয়া হয়নি। এখানকার পুলিশ যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারে, তবে তাদের এখানে থাকার কোনো দরকার নেই।"
তিনি আরও বলেন, "ঢাকার রামিসা হত্যার বিচার এক মাসের মধ্যে শেষ করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। আমি চাই বাণিজ্যমন্ত্রীর দায়িত্বে থাকা এখানকার স্থানীয় সংসদ সদস্যও অনুরূপ ঘোষণা দেবেন এবং দ্রুততম সময়ের মধ্যে ফাহিমা হত্যার বিচার কাজ সম্পন্ন করার কার্যকর উদ্যোগ নেবেন।"
তাহির আহমদ
মন্তব্য করুন: