সিলেটে ভাড়া বাসা থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন হাওলদার পাড়া এলাকা থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ভাড়া বাসার সিঁড়ির ওপর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত তরুণীর নাম ঐশিরা রানী দাস (২২)। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার চৌকি এলাকার সত্য পদ দাসের মেয়ে। তিনি পরিবারের সাথে কুশিয়ারা হাওলাদার পাড়া এলাকার ৮ নম্বর ওয়ার্ডের একটি বাসায় ভাড়া থাকতেন।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই সোমবার রাতে পরিবারের সবার সাথে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন ঐশিরা। আজ মঙ্গলবার সকালে তার বড় বোন স্বর্ণা রানী দাস ঘরের বাইরে গিয়ে দোতলা বাড়ির সিঁড়ির ওপর টিনের চালের লোহার পাতের সাথে ওড়না পেঁচানো অবস্থায় ঐশিরার মরদেহ ঝুলতে দেখেন। তার চিৎকার ও চেঁচামেচিতে আশপাশের মানুষ ছুটে আসেন এবং তাৎক্ষণিকভাবে জালালাবাদ থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা—তা নিশ্চিত করতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মো. মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ হাওলদার পাড়া থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তাহির আহমদ
মন্তব্য করুন: