সিলেটে নির্মিত হচ্ছে ১০০০ শয্যার হাসপাতাল, স্থান পরিদর্শনে মন্ত্রী ও প্রতিনিধি দল
সিলেটে স্বাস্থ্য খাতের উন্নয়নে এক বিশাল দিগন্তের সূচনা হতে যাচ্ছে। চীনা বিনিয়োগে সিলেটে নির্মিত হতে যাচ্ছে সর্বাধুনিক ও আন্তর্জাতিক মানের ১ হাজার শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল। এই মেগা প্রকল্পের বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করতে ইতোমধ্যে স্থান নির্বাচন ও প্রাথমিক সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হয়েছে।
আজ বুধবার (৩ জুন) এই হাসপাতালের উপযুক্ত স্থান নির্বাচনের লক্ষ্যে চীনা বিনিয়োগকারীদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেট-৪ আসনের কোম্পানীগঞ্জ হাইটেক পার্ক এলাকা সরজমিন পরিদর্শন করেছেন।
এর আগে, হাসপাতাল নির্মাণের আনুষ্ঠানিক কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (২ জুন) রাত ৯টার দিকে বিমানযোগে সিলেট পৌঁছান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রাত সোয়া ৯টায় সিলেট সার্কিট হাউজে চীনা বিনিয়োগকারীদের সঙ্গে ১ হাজার শয্যার এই হাসপাতাল নির্মাণের রূপরেখা, প্রাথমিক কর্মপরিকল্পনা ও স্থান নির্বাচনের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
মন্ত্রীর নির্বাচনী এলাকা সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসনের ভৌগোলিক গুরুত্ব বিবেচনা করে এই হাসাপাতালটি এ অঞ্চলেই স্থাপনের ব্যাপারে জোর আলোচনা চলছে। সেই ধারাবাহিকতায় আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মন্ত্রী ও চীনা প্রতিনিধি দলটি জৈন্তাপুর, গোয়াইনঘাট এবং কোম্পানীগঞ্জ উপজেলার সম্ভাব্য স্থানগুলো সরজমিন ঘুরে দেখেন। পরিদর্শনকালে প্রতিনিধি দলটি কোম্পানীগঞ্জ হাইটেক পার্ক সংলগ্ন এলাকাটিকে হাসপাতালের জন্য অন্যতম উপযুক্ত স্থান হিসেবে বিবেচনা করে বিস্তারিত তথ্য উপাত্ত সংগ্রহ করেন।
আজকের এই বিশেষ পরিদর্শনের পর, প্রবাসী কল্যাণ মন্ত্রী বিকাল ৩টায় সিলেট ডায়াবেটিক হাসপাতালের একটি গুরুত্বপূর্ণ সভায় অংশ নেবেন বলে জানা গেছে। সিলেট সফরের যাবতীয় প্রাতিষ্ঠানিক কার্যক্রম শেষে আগামীকাল বৃহস্পতিবার (৪ জুন) বিকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে তাঁর রওনা হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, ১ হাজার শয্যার এই বৃহৎ হাসপাতালটি নির্মিত হলে কেবল সিলেট-৪ আসনের তিন উপজেলাই নয়, বরং সমগ্র সিলেট বিভাগের স্বাস্থ্যসেবায় এক যুগান্তকারী ও বৈপ্লবিক পরিবর্তন আসবে।
সোহেল রানা / ডি আর ডি
মন্তব্য করুন: