বিশ্বনাথে নানা অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত হলেন মাদ্রাসা অধ্যক্ষ
সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল (এম.এ) মাদ্রাসার অধ্যক্ষ নোমান আহমদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
প্রাতিষ্ঠানিক সূত্রে জানা গেছে, বহুল আলোচিত মাদ্রাসার অধ্যক্ষ নোমান আহমদের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় দায়েরকৃত মামলা নং ০৯ (তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৪) যা পরবর্তীতে জি.আর. মামলা নং ১০৫/২০২৪ হিসেবে রেকর্ডভুক্ত হয় এবং অভিযোগপত্র নং ৯৯(ক), তারিখ ২৩ নভেম্বর ২০২৫ আদালতে দাখিল করা হয়েছে। উক্ত মামলার প্রেক্ষিতে তিনি ১২ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত কারাগারে ছিলেন।
এছাড়াও দুর্নীতি দমন কমিশনের একটি বিশেষ মামলা (নং ২৪/২০২৪) বর্তমানে বিচারাধীন রয়েছে।
অন্যদিকে, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ অডিট প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে বিধি লঙ্ঘন করে প্রভাষক পদে যোগদান, প্রয়োজনীয় অভিজ্ঞতা ছাড়াই অধ্যক্ষ পদে নিয়োগ লাভ এবং বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগ উঠে আসে। বিষয়গুলো প্রশাসনিক শৃঙ্খলা, আর্থিক স্বচ্ছতা ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষার ক্ষেত্রে গুরুতর বিবেচনায় নেওয়া হয়।
এসব অভিযোগ পর্যালোচনা শেষে গত ০৬ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত গভর্নিং বডির সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী “কর্মকর্তা-কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮”-এর বিধি ৩৯(২) এবং সহায়ক হিসেবে Government Servants (Discipline and Appeal) Rules, 1979 এর Rule 12(2) অনুসরণ করে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। বর্তমানে মাদ্রাসার প্রশাসনিক কার্যক্রম ভারপ্রাপ্ত অধ্যক্ষের মাধ্যমে পরিচালিত হচ্ছে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: