সিলেটে ৩ দিনব্যাপী বিভাগীয় কৃষি উদ্যোক্তা মেলার উদ্বোধন

সিলেটে ৩ দিনব্যাপী বিভাগীয় কৃষি উদ্যোক্তা মেলার উদ্বোধন

প্রথম ডেস্ক

০৪/০৬/২০২৬ ১৭:২১:০৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বিভাগীয় পর্যায়ের ‘কৃষি উদ্যোক্তা মেলা- ২০২৬’। আজ বৃহস্পতিবার (৪ জুন) সকালে রিকাবীবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে তিন দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান। কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক জুলিয়া জেসমিন মিলির সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।


প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেন, "কৃষি আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কৃষি ছাড়া আমাদের বেঁচে থাকা অসম্ভব। আমাদের বেঁচে থাকার প্রাথমিক উপাদান হলো খাদ্য, যা কৃষিখাত থেকে কৃষকের অক্লান্ত শ্রমের মাধ্যমে সরবরাহ করা হয়।"


নতুন ও তরুণ উদ্যোক্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা সফল উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চান, তাদের অবশ্যই সুনির্দিষ্ট ও পূর্বপরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করতে হবে। সঠিক পরিকল্পনা ছাড়া কখনো সফলতা আসে না। তাই নিজেদের লক্ষ্য স্থির করে একজন সফল উদ্যোক্তা হিসেবে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আলোচনা সভা শেষে বিভাগীয় কমিশনার মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সাথে কথা বলেন।


সভাপতির বক্তব্যে উপপরিচালক জুলিয়া জেসমিন মিলি বলেন, কৃষক যেন তার উৎপাদিত পণ্যের সঠিক ‘ভ্যালু এড’ (মূল্য সংযোজন) করে ন্যায্যমূল্য পেতে পারেন, সে লক্ষ্যে কৃষি বিপণন অধিদপ্তর নিয়মিত কৃষকদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। এছাড়া ভোক্তা পর্যায়ে কীভাবে নিরাপদ খাদ্য বাজারজাত করা যায়, তা নিয়েও অধিদপ্তর নিরলসভাবে কাজ করছে।


তিনি আরও জানান, কৃষকদের নানাবিধ সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি উৎপাদিত পণ্য পরিবহন ও বাজারজাতকরণের আধুনিক ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে প্রতিটি কৃষিপণ্যের সরকার নির্ধারিত মূল্য অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া থাকে, যা দেখে কৃষকেরা সহজেই বাজারমূল্য যাচাই করতে পারেন। অধিদপ্তর কৃষককে সর্বোচ্চ গুরুত্ব দেয় বলেই আজ অনেক কৃষক সফল কৃষি ব্যবসায়ী ও উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পেরেছেন; আর তাদের নিয়েই এই মেলার আয়োজন।

বিশেষ অতিথিবৃন্দের উপস্থিতি


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হুমায়রা জাহান রুপু, যুগ্মপরিচালক, বাংলাদেশ ব্যাংক, সিলেট কার্যালয়, ড. মো. মোশাররফ হোসেন, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট, মোহাম্মদ ফয়জুর রহমান শহীর, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক, বাংলাদেশ কৃষি ব্যাংক, সোহেল হাওলাদার, মহাব্যবস্থাপক, বিসিক।


উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত কৃষি উদ্যোক্তা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী তিন দিন এই মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: