সিলেট বিভাগে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষিকা কোম্পানীগঞ্জের মাহমুদা আক্তার
প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট (কাব) শিক্ষিকা নির্বাচিত হয়েছেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বর্ণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদা আক্তার। তাঁর এ অর্জনে শিক্ষা অঙ্গন, স্কাউটস পরিবার এবং স্থানীয় জনমনে আনন্দের সঞ্চার হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় শিক্ষা পদক-২০২৬ এর বিভাগীয় বাছাই কার্যক্রমে সিলেট বিভাগের চার জেলার প্রতিযোগীদের মধ্যে সেরা কাব শিক্ষিকা হিসেবে মাহমুদা আক্তারকে নির্বাচিত করা হয়। বিভাগীয় বাছাই কমিটির সভাপতি ও সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাঁর এ শ্রেষ্ঠত্বের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে তিনি সিলেট জেলা পর্যায়েও শ্রেষ্ঠ কাব শিক্ষিকা নির্বাচিত হয়ে প্রশংসা অর্জন করেছিলেন। জেলা পর্যায়ের সাফল্যের ধারাবাহিকতায় এবার বিভাগীয় পর্যায়েও কৃতিত্বের স্বাক্ষর রাখলেন তিনি।
শিক্ষকতা পেশার পাশাপাশি দীর্ঘদিন ধরে স্কাউটিং কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন মাহমুদা আক্তার। শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, নৈতিক মূল্যবোধ, নেতৃত্বগুণ ও দেশপ্রেম জাগ্রত করতে তাঁর নিরলস প্রচেষ্টা এবং স্কাউটিং কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মান অর্জন করেন।
তাঁর এ সাফল্যে বাংলাদেশ স্কাউটস সিলেট জেলা, কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষা বিভাগ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিরা অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তাঁরা শিক্ষা ও স্কাউটিং অঙ্গনে তাঁর আরও বৃহত্তর অবদান এবং ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের মতে, মাহমুদা আক্তারের এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়; এটি কোম্পানীগঞ্জ উপজেলার শিক্ষা ও স্কাউটিং কার্যক্রমের জন্যও একটি গৌরবময় স্বীকৃতি।
সোহেল রানা/এআর
মন্তব্য করুন: