‘আওয়ামী লীগ দেশের অর্থনীতি ধ্বংস করে পালাইছে’

জৈন্তাপুরে গয়েশ্বর চন্দ্র রায়

‘আওয়ামী লীগ দেশের অর্থনীতি ধ্বংস করে পালাইছে’

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

০৫/০৬/২০২৬ ২১:২১:০৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, “গণতন্ত্র, ভোটাধিকার এবং পরিবর্তনের সুযোগ যদি না থাকে, তবে অনেক রাজনৈতিক দুর্ঘটনার সৃষ্টি হয়ে থাকে। একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার এবং রাজনীতিবিদরা জনগণের আস্থা অর্জন করতে পারেন। কারণ মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের মাধ্যমে স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ পায়।”


গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী দলের অনেক নেতাকর্মীকে রক্ত দিতে হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, “আমাদের নেতাকর্মীদের প্রাণের বিনিময়ে অর্জিত এই সফলতাকে রক্ষা করাই এখন মূল চ্যালেঞ্জ। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেশ ছেড়ে পালিয়েছে।” এ সময় দেশের মানুষকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চাই। যদি আমরা জনগণের সাথে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করি, তবে আগামী দিনে জনগণ আমাদেরকেও বিতাড়িত করবে।”


আজ ৫ জুন শুক্রবার বিকাল ৫টায় সিলেটের জৈন্তাপুর উপজেলা সদরে জনপ্রিয় বস্ত্র বিতান 'চন্দ্র বিন্দু'-এর লটারি ড্র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই জনপদের মানুষের সাথে ব্যবসায়িক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে জৈন্তাপুরে চন্দ্র বিন্দুর শাখা চালু করায় তিনি মালিক পক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, সহ-সভাপতি ও চন্দ্র বিন্দু জৈন্তাপুর শাখার ব্যবস্থাপক খন্দকার হেলাল আহমদ এবং জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ।


এছাড়াও উপস্থিত ছিলেন নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তিয়া জনদাবী পরিষদের সভাপতি ইলিয়াস উদ্দিন লিপু, প্রবীণ শিক্ষক প্রদীপ লানং, সিরাজুল হক, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল হাসিম, জৈন্তাপুর ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম সুহেল, ব্যবসায়ী মাহবুবুর রহমান, আব্দুর রহমান রিপন, নিয়াজ রহমান ও আজিজুর রহমান প্রমুখ।





ডি আর ডি

মন্তব্য করুন: