অবৈধ পার্কিং নিষিদ্ধ
১২ জুন থেকে সিলেট নগরে নতুন যান চলাচল ব্যবস্থা
সিলেট নগরের হুমায়ুন রশিদ চত্বর থেকে চন্ডিপুল পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের নির্মাণকাজ চলমান থাকায় যান চলাচলে নতুন নির্দেশনা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। আগামী ১২ জুন (শুক্রবার) থেকে এ নির্দেশনা কার্যকর হবে।
বুধবার (১০ জুন) এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকাগামী সব যানবাহনকে নগরের হুমায়ুন রশিদ চত্বর থেকে চন্ডিপুল পয়েন্ট পর্যন্ত একমুখীভাবে চলাচল করতে হবে। অন্যদিকে ঢাকা ও দক্ষিণাঞ্চল থেকে সিলেটমুখী যানবাহন চন্ডিপুল পয়েন্টে এসে বামে মোড় নিয়ে বঙ্গবীর রোড ব্যবহার করে কদমতলীর নিজ নিজ বাস টার্মিনালে প্রবেশ করবে।
এ ছাড়া হুমায়ুন রশিদ চত্বর, চন্ডিপুল পয়েন্ট, বাবনা পয়েন্ট, ক্বীন ব্রিজের দক্ষিণ প্রান্ত থেকে কদমতলী বাস টার্মিনাল পর্যন্ত সড়ক ও আশপাশের এলাকায় কোনো ধরনের অবৈধ স্থাপনা নির্মাণ কিংবা সড়কের ওপর যানবাহন পার্কিং না করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।
এসএমপি জানিয়েছে, জনস্বার্থে জারি করা এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, হুমায়ুন রশিদ চত্বর থেকে চন্ডিপুল পর্যন্ত মহাসড়কের নির্মাণকাজ নির্বিঘ্নে সম্পন্ন করা এবং যানজট নিয়ন্ত্রণে রাখতেই এ নতুন ট্রাফিক ব্যবস্থা চালু করা হচ্ছে।
তানজুবা তাবাসসুম / এ আর
মন্তব্য করুন: