জৈন্তাপুরে বরেণ্য আলেম মাওলানা জব্বারের ইন্তেকাল

প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক

জৈন্তাপুরে বরেণ্য আলেম মাওলানা জব্বারের ইন্তেকাল

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

১১/০৬/২০২৬ ১৩:২৮:৫৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির কার্যকারী সদস্য ও জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতি, বরেণ্য আলেমেদ্বীন হযরত মাওলানা আব্দুল জব্বার(৬০)  ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


বৃহস্পতিবার (১১ জুন) রাত আনুমানিক ১২টায় সিলেট নগরীর পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে তিনি হৃদরোগজনিত ব্যথা অনুভব করলে বেলা ১১টার দিকে অসুস্থ অবস্থায় তাকে সিলেটে নেওয়া হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হতে থাকে। মরহুমের ছোট ভাই, জৈন্তাপুর মঈনুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আবুল হোসাইন জানান, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর পরামর্শে তাকে পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


বুধবার রাতেই তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)-এ স্থানান্তর করা হয়। পরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তার শারীরিক অবস্থার অবনতির খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জৈন্তাপুরসহ আশপাশের এলাকায় উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দেয়।

 চিকিৎসকদের সর্বাত্মক প্রচেষ্টা ব্যর্থ করে অবশেষে রাত আনুমানিক ১২টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


তার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে উপজেলার আলেম-উলামা, রাজনৈতিক ব্যক্তিত্ব, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। গভীর রাতেই লামনীগ্রামে তার নিজ বাড়িতে মরদেহ আসার অপেক্ষায় সহস্রাধিক মানুষ জড়ো হন।


এদিকে প্রবীণ এই আলেমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মরহুমের ছোট ভাই হাফেজ মাওলানা আবুল হোসাইন জানান, বর্তমানে সুইজারল্যান্ডে অবস্থানরত মন্ত্রী আরিফুল হক চৌধুরী তার অসুস্থতার খবর পাওয়ার পর থেকেই পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন। মৃত্যুসংবাদ পাওয়ার পর তিনি গভীর শোক প্রকাশ করেন এবং হাসপাতাল থেকে ভিডিও কলে মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান।


উল্লেখ্য, মরহুম মাওলানা আব্দুল জব্বার জৈন্তাপুর উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া দারুল হাদিস ইমদাদুল উলুম লামনীগ্রাম মাদ্রাসার মুহতামিম হিসেবে টানা তিন দশকেরও বেশি সময় দায়িত্ব পালন করেন। তাঁর হাত ধরে অসংখ্য আলেম-উলামা গড়ে উঠেছেন। ধর্মীয় শিক্ষা বিস্তার ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে তিনি এলাকায় ব্যাপক শ্রদ্ধা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছিলেন।


পারিবারিক সূত্রে আরও জানা গেছে, বৃহস্পতিবার বাদ যোহর জৈন্তাপুর ফেরিঘাট ক্যাপ্টেন রশিদ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। 


এদিকে মাওলানা আব্দুল জব্বারের ইন্তেকালে জৈন্তাপুরবাসী একজন অভিভাবকতুল্য আলেমকে হারালেন, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন সর্বস্তরের মানুষ।


এস আই বাবু/ তানজুবা তাবাসসুম

মন্তব্য করুন: