কানাইঘাটে অধ্যক্ষ ফরিদ চৌধুরীর জানাজার নামাজ সম্পন্ন

হাজার হাজার মানুষের অংশগ্রহণে

কানাইঘাটে অধ্যক্ষ ফরিদ চৌধুরীর জানাজার নামাজ সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি,কানাইঘাট

১৩/০৬/২০২৬ ২০:৫৮:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নিজের প্রতিষ্ঠিত কানাইঘাট জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদ্রাসা মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতিতে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য প্রবীণ রাজনীতিবিদ অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর জানাজার নামাজ শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হয়েছে। 


জানাজার নামাজে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দের উপস্থিতির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। জানাযার নামাজ শেষে নিজ মাদরাসা প্রাঙ্গনে দাফন করা হয় অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীকে।  


জানাযা পূর্ব মাও. ফরিদন উদ্দিন চৌধুরীর বর্ণাঢ্য কর্মজীবনের উপর বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজাহারুল ইসলাম এমপি, সিলেট-৫ আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিসের নেতা মুফতি মাওলানা আবুল হাসান, ফরিদ চৌধুরীর জামাতা বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমীর সেলিম উদ্দিন, সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, নায়েবে আমীর আনওয়ার হোসাইন খান, সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারী জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লোকমান উদ্দিন।


উপস্থিত ছিলেন, সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সাংবাদিক এম.এ হান্নান, জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুস সালাম মাদানি, সিলেট জেলা উত্তর জামায়াতের সাবেক নায়েবে আমীর সৈয়দ ফয়জুল্লাহ বাহার, কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুন রশীদ, কানাইঘাট উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।


জানাজা পুর্ব বক্তব্যে জামায়াত নেতৃবৃন্দ বলেন, অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরী ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণকর্মী ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি জামায়াতে ইসলামীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে সংগঠনকে শক্তিশালী করেছেন। তার সব-সময় ইচ্ছা ছিল আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে। ব্যক্তিগত ভাবে তিনি রাজনৈতিক মহল সহ সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। তার জানাজার নামাজে দলমত নির্বিশেষে হাজার হাজার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে চির বিদায় নিয়েছেন। রাজনীতির পাশাপাশি তিনি সিলেটের ব্যবসা-বাণিজ্যের প্রসার ও বহু শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা সহ শিক্ষা বিস্তারে অসামান্য অবদান রেখেছেন, যা সব-সময় মানুষ স্মরণ রাখবে। তাঁর মৃত্যুতে জামায়াতে ইসলামী একজন নীতিনির্ধারক ইসলামী আন্দোলনের সীপাহশালারকে হারিয়েছে, যা সহজে পূরণ হওয়ার মতো নয় নেতৃবৃন্দ বলেন।


পারিবারিক সূত্র জানায়, মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভোগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে বেশ কিছুদিন আগে তাকে সিলেট ইবনে সিনা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ মেয়ে ও ১ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সিলেট-৫ আসনের সংসদ সদস্য ছিলেন। এ ছাড়া তিনি সিলেট জেলা জামায়াতের আমিরের দায়িত্বও পালন করেছেন। অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর বাড়ি কানাইঘাট উপজেলার ৯নং রাজাগঞ্জ ইউনিয়নের তালবাড়ী গ্রামে। তার মৃত্যুতে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: