জিরায় হীরা : ভারতীয় জিরার স্বর্গরাজ্য সিলেট

জিরায় হীরা : ভারতীয় জিরার স্বর্গরাজ্য সিলেট

রোদ্দুর ‍রিফাত, নিজস্ব প্রতিবেদক

১৪/০৬/২০২৬ ১৭:৩৭:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে ভারতীয় জিরার চোরাচালান যেন এক আলাদিনের চেরাগ। রাতারাতি কোটিপতি বনে যাওয়ার এই অবৈধ খেলায় জিরা এখন চোরাকারবারিদের কাছে ‘হীরা’র চেয়েও দামি। সীমান্ত গলিয়ে একের পর এক জিরা বহনকারী ট্রাক-কাভার্ডভ্যান জব্দ করছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রায় প্রতিদিনই চলছে আটক অভিযান। তবুও কোনোভাবেই থামছে না জিরার এই রমরমা চোরাচালান। সীমান্ত পার হয়ে আসা এসব ভারতীয় পণ্যের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে পুরো সিলেট অঞ্চল।


এই চক্রের সর্বশেষ একটি বড় চালান গত রাতে ভেস্তে দিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। এক শ্বাসরুদ্ধকর অভিযানে মিরাপাড়া এলাকা থেকে জব্দ করা হয়েছে একটি বড় কাভার্ডভ্যান ভর্তি ভারতীয় জিরা।


পুলিশ জানায়, শনিবার (১৩ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ থানা পুলিশের একটি চৌকস দল সিলেট-তামাবিল সড়কের মেজরটিলা এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহভাজন একটি কাভার্ডভ্যানকে (ঢাকা মেট্রো-অ-১১-২৯৮০) থামার সংকেত দেয় পুলিশ। কিন্তু চালক সংকেত অমান্য করে দ্রুত গতিতে ভ্যানটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।


পুলিশও হাল ছাড়েনি। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। একপর্যায়ে মিরাপাড়া এলাকায় গিয়ে চালক ও চোরাকারবারিরা কাভার্ডভ্যানটি রাস্তার পাশে ফেলে অন্ধকারে পালিয়ে যায়। আজ রবিবার (১৪ জুন) দুপুরে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।  এ সময় গাড়ি থেকে ১৪২ বস্তা ভারতীয় জিরা যার মোট ওজন: ৪,২৬০ কেজি (৪ হাজার ২৬০ কেজি) এবং আনুমানিক বাজারমূল্য: ২১ লাখ ৩০ হাজার টাকা বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। 


সিলেট সীমান্ত দিয়ে জিরার চোরাচালান কতটা ভয়াবহ রূপ নিয়েছে, তা বিগত কয়েকদিনের অভিযানের পরিসংখ্যান দেখলেই স্পষ্ট হয়ে ওঠে। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ফাঁকি দিয়ে প্রতিদিন কোটি কোটি টাকার জিরা ঢুকছে দেশের বাজারে। ১১ জুন সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকা ৩টি ডিআই ট্রাক ভর্তি ভারতীয় জিরা ও চা পাতা ১২ জুন গোয়াইনঘাট সড়কে ১টি বড় ট্রাক ভর্তি অবৈধ ভারতীয় জিরা, ১৩ জুন শাহপরাণ (মিরাপাড়া) ১৪২ বস্তা জিরাসহ কাভার্ডভ্যান জব্দ করা হয়। 


স্থানীয়দের অভিযোগ, কাভার্ডভ্যান, বড় ট্রাক তো বটেই, এমনকি বিলাসবহুল প্রাইভেটকার কিংবা দূরপাল্লার বাসে করেও অভিনব কায়দায় পাচার হচ্ছে এই ভারতীয় জিরা। প্রশাসনের চোখ ফাঁকি দিতে চোরাকারবারিরা নিত্যনতুন রুট ও কৌশল ব্যবহার করছে।


একের পর এক চালান ধরা পড়লেও মূল হোতারা আড়ালেই থেকে যাচ্ছে। সর্বশেষ অভিযানেও কোনো চোরাকারবারিকে হাতেনাতে গ্রেফতার করা সম্ভব হয়নি।


এই বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার মনজুরুল আলম জানান, মিরাপাড়া থেকে জিরা জব্দের ঘটনায় শাহপরাণ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। তিনি আরও বলেন, “পলাতক অজ্ঞাতনামা আসামিদের শনাক্তকরণ এবং তাদের দ্রুত গ্রেফতারের জন্য পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। চোরাচালানের বিরুদ্ধে আমাদের এই ‘জিরো টলারেন্স’ নীতি বজায় থাকবে।”

তাহির আহমদ / তানজুবা তাবাসসুম

মন্তব্য করুন: