১৭৬ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেটে পুলিশের ৩২ ঘন্টার সাঁড়াশি অভিযানে আটক ২১৬
সিলেট মহানগরীতে অপরাধমূলক কর্মকাণ্ড দমনে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত ৩২ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত ধারাবাহিক অভিযানে মোট ২১৬ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১৭৬টি যানবাহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে এসএমপির ট্রাফিক বিভাগ।
এসএমপি সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টার মূল অভিযানে নিয়মিত মামলা, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিসহ মোট ১৫৫ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে জুয়াড়ি, চোর, হকার, সন্দেহভাজন ব্যক্তি এবং মেট্রো অধ্যাদেশে অভিযুক্ত ব্যক্তিরা রয়েছেন। এ সময় কয়েকজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানকালে বড় অঙ্কের চোরাচালান পণ্য জব্দ করা হয়, যার মধ্যে রয়েছে: ৪ হাজার ২৬০ কেজি ভারতীয় জিরা,১০০ পিস ভারতীয় বেনারসি শাড়ি ও বিপুল পরিমাণ বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় কসমেটিকস (ক্রিম)।
এদিকে শনিবার দিবাগত রাত ১২টা থেকে রবিবার (১৪ জুন) সকাল ৮টা পর্যন্ত পরবর্তী ৮ ঘণ্টার অভিযানে মহানগরীর বিভিন্ন থানা পুলিশ আরও ৬১ জনকে গ্রেফতার করে। আটককৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, সন্দেহভাজন অপরাধী এবং মাদকসেবী ও কারবারিরা রয়েছেন।
অভিযান চলাকালীন নগরীর শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৭২টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ১০৪টি যানবাহন আটক করা হয়েছে। অর্থাৎ, ট্রাফিক বিভাগ সর্বমোট ১৭৬টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে।
রবিবার অভিযানের সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, "সিলেট নগরীকে অপরাধমুক্ত রাখতে এসএমপি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। গ্রেফতারকৃত সবার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।" আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের এই নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
ডি আর ডি
মন্তব্য করুন: