হবিগঞ্জ ও মৌলভীবাজারে বিজিবি ও পুলিশের সর্বোচ্চ সতর্কতা

হবিগঞ্জ ও মৌলভীবাজারে বিজিবি ও পুলিশের সর্বোচ্চ সতর্কতা

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

২৩/০৬/২০২৬ ১৭:৩৭:৪৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা, বিশৃঙ্খলা বা যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সিলেটের দুই জেলা হবিগঞ্জ ও মৌলভীবাজারে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জননিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে পুলিশি নজরদারি বৃদ্ধির পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনী বিজিবি মোতায়েন করা হয়েছে।


দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় মৌলভীবাজার জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ও জরুরি আদেশের ভিত্তিতে স্থানীয় প্রশাসন এই সিদ্ধান্ত গ্রহণ করে।


বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে জানান, স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সোমবার সন্ধ্যা থেকেই বিজিবি সদস্যরা মাঠে নেমেছেন। তারা আগামী ৩০ জুন পর্যন্ত নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকায় অবস্থান করবেন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও নজরদারি জোরদার রাখবেন।


স্থানীয় সূত্র জানায়, বিজিবি মোতায়েনের পর জেলার গুরুত্বপূর্ণ মোড় এবং প্রবেশপথগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সাধারণ নাগরিকদের স্বাভাবিক চলাচল বিঘ্নিত না করে কেবল সন্দেহভাজন কার্যক্রমের ওপর কড়া নজর রাখা হচ্ছে। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা কঠোর হস্তে দমন করা হবে।


এদিকে হবিগঞ্জ জেলা জুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও জেলা প্রশাসন। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ, মহাসড়ক এবং উপজেলা পর্যায়ে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালানো হচ্ছে।


পুলিশ সূত্রে জানা গেছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে ঢাকা-সিলেট মহাসড়কসহ জেলার বিভিন্ন কৌশলগত স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চেকপোস্টগুলোতে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাইয়ের পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও বৃদ্ধি করেছেন।


হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ বলেন, "পরিস্থিতি বিবেচনায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে এবং এই কার্যক্রম প্রয়োজন অনুযায়ী অব্যাহত থাকবে। যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা বা অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।"


আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একই সাথে কোনো সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়লে তা দ্রুত নিকটস্থ থানা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়েছে।


রোদ্দুর রিফাত/ সজল আহমদ

মন্তব্য করুন: