গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, গোয়াইনঘাট

১১/০৭/২০২৬ ১৩:০৭:২৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট লাখাট সীমান্তে খাসিয়ার গুলিতে মিনহাজ উদ্দিন (২৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ভারতের মেঘালয় রাজ্যের লাখাট স্টেশনসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার (১১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক।


নিহত মিনহাজ উদ্দিন গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের কমর উদ্দিনের ছেলে। তিনি ভারতীয় ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তবে ঘটনার সময় তিনি কী কারণে সেখানে গিয়েছিলেন, তা জানা যায়নি।


স্থানীয়দের দাবি, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে মিনহাজ উদ্দিন লাখাট স্টেশনসংলগ্ন এলাকায় অবৈধভাবে প্রবেশ করলে খাসিয়ারা গুলি চালায়। এতে তিনি ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হন।


স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে তারা নিহতের বাড়িতে যান। পরে পুলিশ ও বিজিবিকে বিষয়টি জানানো হয়।


গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক প্রথম সিলেটকে বলেন, পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর সীমান্তে খাসিয়ার গুলিতে এক যুবকের মৃত্যুর খবর পাওয়ার পর থানা পুলিশের সেকেন্ড অফিসার তানভীর ফায়াজের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরবর্তী কার্যক্রমের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।


সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, ‘মিনহাজ উদ্দিন ভারতের অভ্যন্তরে প্রায় এক কিলোমিটার ভেতরে চুরি বা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে গিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। সেখানে খাসিয়ার গুলিতে তিনি গুলিবিদ্ধ হন। পরে তাকে বাংলাদেশে নিয়ে আসার পর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’


তিনি আরও বলেন, সীমান্তে বিজিবির নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: