তিন ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল শুরু
প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার দুপুর ২টা ৫ মিনিটে আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস শায়েস্তাগঞ্জ রেলস্টেশন থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। এর আগে রবিবার সকাল ১০টা ৫৭ মিনিটে ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। ট্রেনটি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেল জংশনের অদূরে খোয়াই নদীর ব্রিজের ওপর আটকে পড়ে। ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
পারাবত এক্সপ্রেসের চালক আবু জাফর সিদ্দিকী জানান, শায়েস্তাগঞ্জ ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর চলন্ত অবস্থায় ইঞ্জিনে হঠাৎ ত্রুটি দেখা দেয়। “দুটি ফিউজ জ্বলে যায় এবং ফ্যান ঘোরা বন্ধ হয়ে যায়, ফলে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সমস্যা সমাধানে মেকানিক্যাল লোকবল প্রয়োজন ছিল, তাই ট্রেন থেমে যায়,” তিনি বলেন।
শায়েস্তাগঞ্জ রেল জংশনের সহকারী স্টেশন মাস্টার উত্তম কুমার দেব নিশ্চিত করেছেন, বিকল হওয়া ইঞ্জিন ও ট্রেনটিকে ফেরত আনা হয়েছে। দুপুর ২টার পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। পাহাড়িকা ছাড়াও কিছু সময় পর পারাবত এক্সপ্রেসও সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
রেলওয়ে সূত্র জানায়, ইঞ্জিন বিকল হয়ে পড়ার কারণে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়েছে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: