জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভারতীয় টমেটো ও দুটি পিকআপ জব্দ, গ্রেপ্তার ৪
সিলেটের জৈন্তাপুরে পুলিশের অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৮০০ কেজি ভারতীয় টমেটোসহ দুটি ডিআই পিকআপ জব্দ করা হয়েছে। জব্দ করা টমেটো ও পিকআপের আনুমানিক মোট বাজারমূল্য ২৩ লাখ ৪ হাজার টাকা। এ ঘটনায় চোরাচালানে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে জৈন্তাপুর মডেল থানাধীন ফতেপুর ইউনিয়নের হরিপুর এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে স্থাপিত অস্থায়ী পুলিশ চেকপোস্টে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। তল্লাশিকালে দুটি ডিআই পিকআপ থেকে ৩ হাজার ৮০০ কেজি ভারতীয় টমেটো উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩ লাখ ৪ হাজার টাকা। এ ছাড়া চোরাচালানে ব্যবহৃত ২০ লাখ টাকা মূল্যের পিকআপ দুটিও জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের বাগেরখাল দলইপাড়া গ্রামের নুর উদ্দিনের ছেলে কয়েছ আহমদ (১৯), চিকনাগুল ইউনিয়নের উমনপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে আমিন আহমদ (১৯), ফতেপুর ইউনিয়নের হেমু ভাটপাড়া গ্রামের মৃত মখলিছুর রহমানের ছেলে আবু তাহের মাহিন (১৭) এবং চিকনাগুল ইউনিয়নের উমনপুর গ্রামের ইব্রাহিম আলীর ছেলে সাইদুল ইসলাম (১৯)।
পুলিশ জানায়, জব্দ করা টমেটো পচনশীল কাঁচামাল হওয়ায় নির্বাহী (এক্সিকিউটিভ) ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রির প্রক্রিয়া চলছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। শনিবার পুলিশ পাহারায় তাঁদের আদালতে পাঠানো হবে।
সাইফুল ইসলাম বাবু /নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: