৭ নভেম্বর উপলক্ষে দিরাইয়ে বিএনপির একাংশের শোভাযাত্রা
সুনামগঞ্জের দিরাইয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা ও পৌর বিএনপির একাংশের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে দিরাই উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট ওবায়দুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব মঈন উদ্দিন চৌধুরী মাসুক, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিপন হাসান চৌধুরী ও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম।
বক্তারা বলেন, ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবস এবং জুলাইয়ের চেতনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ।
এ চেতনাকে ধারণ করে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে।
তারা আরও বলেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। কোনো ধরনের দুর্বলতার সুযোগ নিয়ে যাতে তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়মান মিয়া/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: