চাকসু নির্বাচন: ভিপি-জিএসে ছাত্রশিবির, এজিএসে পদে এগিয়ে ছাত্রদল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ১০টি আবাসিক হলের ফল ঘোষণা হয়েছে। এর মধ্যে চারটি হলে ছাত্রদল–সমর্থিত প্যানেলের ভিপি (সহসভাপতি) প্রার্থী সাজ্জাদ হোসেন ও ছয়টিতে ছাত্রশিবির–সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী মো. ইব্রাহিম হোসেন এগিয়ে গেছেন। মোট ভোটে এগিয়ে আছেন ইব্রাহিম। ইব্রাহিম ১০ হলে মোট ভোট পেয়েছেন ৪ হাজার ৬১৮। সাজ্জাদ পেয়েছেন ২ হাজার ৮৫৮ ভোট।
১০টি হলে জিএস (সাধারণ সম্পাদক) পদে ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের সাঈদ বিন হাবিব পেয়েছেন ৪ হাজার ৬৯৭। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের মো. শাফায়াত পেয়েছেন ১ হাজার ৭৮৯ ভোট।
অন্যদিকে নয়টি হলে এজিএস পদে এগিয়ে আছেন ছাত্রদলের প্রার্থী আইয়ুবুর রহমান। তিনি পেয়েছেন ৪ হাজার ২০৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবিরের সাজ্জাত হোছন পেয়েছেন ৩ হাজার ৭৭ ভোট। বিশ্ববিদ্যালয়ে মোট ১৪টি হল ও ১টি হোস্টেল রয়েছে। এর মধ্যে ৯টি হল ও ১টি হোস্টেলের ফলাফল পাওয়া গেছে।
এদিকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন আড়াই ঘণ্টা পর অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়েছেন। বুধবার দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে তিনি মুক্ত হন। এর আগে রাত ১২টা ৫০ মিনিটে সোহরাওয়ার্দী হল সংসদে ভিপি (সহসভাপতি) পদে ভোট কারচুপির অভিযোগ এনে কামাল উদ্দিনকে অবরুদ্ধ করে রাখা হয়। ছাত্রদলের নেতা–কর্মীরা এ পদের ভোট আবার গণনা দাবি করেছিলেন। ছাত্রদলের নেতারা জানান, সহ-উপাচার্য তাঁদের এ পদের বিষয়ে পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন। এ কারণে তাঁকে ছাড়া হয়েছে৷
জানতে চাইলে শাখা ছাত্রদলের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জালাল উদ্দীন সিদ্দিকী বলেন, সহ-উপাচার্য ফলাফল পুনর্বিবেচনা করার আশ্বাস দিয়েছেন।
তাহির আহমদ
মন্তব্য করুন: