হবিগঞ্জে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পাথরের শিল দিয়ে আঘাত স্ত্রীর
হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক বিরোধের জেরে স্বামীকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে ঘুমন্ত অবস্থায় মসলা পেষার পাথরের শিল দিয়ে মাথা ও মুখমণ্ডলে আঘাত করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে।
গুরুতর আহত স্বামী মামুন মিয়া (৩২) বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের দাবি, তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে মামুনের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে তাঁর পরিবার। এ ঘটনার পর স্ত্রী মমতা বেগম (২৫) বাড়ি থেকে পালিয়ে গেছেন বলে অভিযোগ স্বজনদের।
মামুন মিয়া শ্রীধরপুর গ্রামের কাউছার আহমেদের ছেলে। অভিযুক্ত স্ত্রী মমতা বেগম উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলাপুর গ্রামের শফিক মিয়ার মেয়ে। প্রায় পাঁচ-ছয় বছর আগে তাঁদের বিয়ে হয়। তাঁদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে।
মামুনের পরিবারের অভিযোগ, রাতে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ানোর পর তিনি ঘুমিয়ে পড়েন। এ সময় মমতা বেগম মসলা পেষার পাথরের শিল দিয়ে তাঁর মাথার পেছনের অংশ ও মুখমণ্ডলে আঘাত করেন। এতে মামুন গুরুতর আহত হন। পরে তাঁকে বাড়িতে ফেলে রেখে স্ত্রী পালিয়ে যান বলে দাবি করেছেন স্বজনেরা।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে মামুনের গুরুতর আহত অবস্থার ছবি প্রকাশ করে তাঁর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা। প্রকাশিত ছবিতে তাঁর মাথা ও মুখমণ্ডলে গুরুতর আঘাতের চিহ্ন দেখা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনার প্রকৃত কারণ ও অভিযুক্ত স্ত্রীর বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্বপন রবি দাশ/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: