শায়েস্তাগঞ্জে জনবল সংকটে চ্যালেঞ্জের মুখে ৬৪ বছরের পুরোনো মৎস্য খামার
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারটি শিল্পায়ন, ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পে জমি অধিগ্রহণ এবং জনবল সংকটের কারণে নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। প্রকল্পের জন্য খামারটির প্রায় ৯১ শতাংশ জমি অধিগ্রহণ করা হলে ১১টি পুকুরের মধ্যে দুটি আংশিক ও দুটি প্রায় সম্পূর্ণ ভরাট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে ১৯৬২ সালে প্রতিষ্ঠিত প্রায় ৬৪ বছরের পুরোনো প্রতিষ্ঠানটির পোনা উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
খামারসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিষ্ঠাকালে প্রায় ১ হাজার ২৩২ শতাংশ জমি নিয়ে খামারটি গড়ে তোলা হয়। বর্তমানে হ্যাচারিসহ ১১টি পুকুরে মাছের রেণু ও পোনা উৎপাদন করা হচ্ছে। শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট, মাধবপুর, বাহুবল ও হবিগঞ্জ সদরসহ বিভিন্ন এলাকার মৎস্যচাষিরা এখান থেকে রেণু-পোনা সংগ্রহের পাশাপাশি মাছ চাষের পরামর্শ নেন।
এদিকে, খামারটির অনুমোদিত সাতটি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র তিনজন। তাঁদের দিয়েই হ্যাচারি পরিচালনা, পুকুরের পরিচর্যা, পোনা উৎপাদন ও বিক্রিসহ নিয়মিত কার্যক্রম চালাতে হচ্ছে। নিরাপত্তা প্রহরীর অভাবও রয়েছে। পাশাপাশি পোনা পরিবহনের জন্য নিজস্ব গাড়ি ও চালক না থাকায় চাষিদের সেবা দিতে সীমাবদ্ধতা তৈরি হচ্ছে।
খামার ব্যবস্থাপক রনি সাহা জানান, খামারটির কার্যক্রম সচল রাখতে শূন্য পদগুলো পূরণ করা জরুরি। একই সঙ্গে মৎস্যচাষিদের দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থাও প্রয়োজন।
খামারের পাশেই রয়েছে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক-২। শিল্পকারখানার যন্ত্রপাতির শব্দ, কম্পন, ধোঁয়া ও তাপমাত্রার প্রভাব নিয়েও উদ্বেগ রয়েছে।
হবিগঞ্জের জেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল আলমের মতে, এসব বিষয় মাছের প্রজনন কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। তবে উৎপাদন বা মাছের প্রজননে বাস্তব প্রভাব কতটা পড়ছে, তা নিশ্চিত করতে পানির গুণগত মান, তাপমাত্রা ও কম্পনের মাত্রা বৈজ্ঞানিকভাবে পরীক্ষা করা প্রয়োজন।
শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারটি জেলার মৎস্যচাষিদের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। তাই ছয় লেনের সড়ক সম্প্রসারণের পরিকল্পনায় খামারের পুকুর ও উৎপাদনব্যবস্থা রক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। পাশাপাশি বিকল্প জমির ব্যবস্থা, জনবল নিয়োগ, পরিবহনসুবিধা বৃদ্ধি এবং নিয়মিত প্রশিক্ষণ চালুর উদ্যোগ নেওয়া হলে প্রতিষ্ঠানটির কার্যক্রম সচল রাখা সহজ হবে।
স্বপন রবি দাশ/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: