গোয়াইনঘাটে রেডক্রিসেন্টের দুর্যোগ পূর্বাভাস শক্তিশালীকরণ বিষয়ক কর্মশালা
সিলেটের গোয়াইনঘাটে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির বিইসিআর প্রোগ্রাম এর উদ্যোগে “দুর্যোগ পূর্বাভাস শক্তিশালীকরণ” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ কর্মশালায় ২০টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ১৩টি ইউনিয়ন পরিষদের সচিব, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, প্রতিনিধি এবং রেডক্রিসেন্ট যুব (RCY) সদস্যরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় বক্তারা দুর্যোগকালীন পূর্বাভাস, প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি ও ঝুঁকি হ্রাসের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, কার্যকর দুর্যোগ পূর্বাভাস জনগণের প্রাণ ও সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এজন্য বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদেরও এ বিষয়ে প্রশিক্ষিত করা জরুরি।
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা মো. নিজাম উদ্দিন ও গোয়াইনঘাট রেডক্রিসেন্টের ইয়ুথ দলনেতা আশিষ দাস সৌরভ এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্য বিভাগের সিনিয়র ডিআরআর অফিসার মো. মঞ্জুরুল ইসলাম।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “দুর্যোগের পূর্বাভাস জানা ও তা অনুসরণ করা নিজেদের নিরাপত্তার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সচেতন জনগণই দুর্যোগের ক্ষতি অনেকাংশে কমাতে পারে।”
কর্মশালার সার্বিক সহযোগিতায় ছিলেন প্রোগ্রাম ম্যানেজার মো. সাইদুল ইসলাম ও সিলেট জেলা ইউনিটের ইউএলও মো. মিজানুর রহমান।
এ রহমান
মন্তব্য করুন: