বোর্ডিং ব্রিজের ধাক্কায় ইঞ্জিন ক্ষতিগ্রস্ত
দুর্ঘটনার সাড়ে ৫ ঘণ্টা পর সিলেট থেকে উড়ল লন্ডনগামী ফ্লাইট
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল সাড়ে ১০টার দিকে বোর্ডিং ব্রিজের ধাক্কায় ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিলম্বিত হওয়া বাংলাদেশ বিমানের লন্ডনগামী ফ্লাইট বিজি-২০১ অবশেষে সাড়ে ৫ ঘণ্টা পর ছেড়ে গেছে।
বুধবার বিকেল ৪টা ১০ মিনিটে বিকল্প উড়োজাহাজে করে ২৬২ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি লন্ডনের উদ্দেশ্যে সিলেট ত্যাগ করে।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন,“দুর্ঘটনার পর ঢাকা থেকে আরেকটি উড়োজাহাজ এনে যাত্রীদের লন্ডনের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে ফ্লাইটটি দীর্ঘ হওয়ায় বিমানের নিরাপত্তা ও যান্ত্রিক দিক পরীক্ষা করা হচ্ছে।”
এর কিছুক্ষণ পর দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটিও পরীক্ষার জন্য ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিজি-২০১-এর ইঞ্জিনের সঙ্গে বোর্ডিং ব্রিজের ধাক্কা লাগে। এতে ফ্লাইটটির যাত্রা সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তার স্বার্থে ক্ষতিগ্রস্ত উড়োজাহাজটি তাৎক্ষণিক পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং ফ্লাইটটি বাতিল ঘোষণা করা হয়। পরে ঢাকা থেকে বিকল্প উড়োজাহাজ এনে বিকেল ৪টা ১০ মিনিটে যাত্রীদের লন্ডনের উদ্দেশ্যে পাঠানো হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগ জানিয়েছে, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বিমানের ইঞ্জিন ও কাঠামোগত অংশ পরীক্ষা শেষে প্রয়োজনীয় মেরামত কার্যক্রম সম্পন্ন করা হবে।
এ রহমান
মন্তব্য করুন: