সিলেটে ফাহিম হত্যা মামলার এজাহারনামীয় আসামি সবুজ গ্রেপ্তার
সিলেটের শাহপরান (রহ.) থানা পুলিশের বিশেষ অভিযানে ফাহিম হত্যা মামলার এজাহারনামীয় ৪নং আসামি সবুজ আহমদ রেহান (৩২)–কে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাত ১২টা ৩০ মিনিটের দিকে থানার ইকোপার্ক এলাকায় তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করেন এসআই (নিঃ) সুব্রত চৌধুরী ও সঙ্গীয় ফোর্স।
গ্রেপ্তার হওয়া সবুজ আহমদ রেহানের স্থায়ী ঠিকানা সিলেটের জৈন্তাপুর উপজেলার যশপুর গ্রাম। তিনি বর্তমানে শাহপরান (রহ.) থানাধীন গোপালটিলার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।
গত ১০ নভেম্বর বালুচর ২নং মসজিদ এলাকার কিংস ফুটসাল ইনডোর সংলগ্ন বস্তার গলিতে পূর্বশত্রুতার জেরে মো. ফাহিম (২৩)–এর ওপর সশস্ত্র হামলা চালানো হয়। মামলার এজাহার অনুযায়ী, ১নং আসামির নির্দেশে ২–৭নং আসামিসহ ৭–৮ জন দা, রামদা, চাইনিজ কুড়াল, ডেগার, জিআই পাইপ ও লোহার রড দিয়ে ফাহিমকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। হামলার সময় গ্রেপ্তারকৃত সবুজ রেহান ফাহিমের বাম হাতের কব্জিতে ধারালো দা দিয়ে মারাত্মক কাটা জখম করেন।
আহত ফাহিম জীবন বাঁচাতে দৌড়ালে একটি ড্রেনে পড়ে যান। স্থানীয়দের সহায়তায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ঢাকায় রেফার করেন। পরদিন সকালে তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে আবার ওসমানী মেডিকেলে স্থানান্তরের পর ১২ নভেম্বর সকাল ৭টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফাহিমের পিতা মো. হারুন রশিদ বাদী হয়ে শাহপরান (রহ.) থানায় মামলা নং–২০, তারিখ: ১৪/১১/২০২৫, ধারা ৩০২/৩৪–এ মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত সবুজ আহমদ রেহানকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ডি আর ডি
মন্তব্য করুন: