পরিবেশবিদদের সমালোচনা
শাহজালাল মাজারপ্রাঙ্গণের শতবর্ষী খেজুরগাছ অপসারণ!
সিলেটের হযরত শাহজালাল (রহ.)–এর মাজার মসজিদ প্রাঙ্গণের মিনারের পাশে অবস্থিত বহু বছরের পুরনো খেজুরগাছগুলো অপসারণ করা হয়েছে। মসজিদ উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে অস্থায়ী নামাজের স্থান নির্মাণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
স্থানীয় বাসিন্দা, মাজার–সংশ্লিষ্ট ব্যক্তিরা এবং পরিবেশবিদদের একাংশ এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তাদের মতে, গাছগুলো মাজারপ্রাঙ্গণের পরিবেশ ও ঐতিহ্যের অংশ ছিল এবং উন্নয়নকাজে পরিবেশগত প্রভাব মূল্যায়ন (EIA) করা প্রয়োজন ছিল। তারা অভিযোগ করেন, এ ক্ষেত্রে তা অনুসরণ করা হয়নি।
মাজার মসজিদ পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এম এম সোহেল উদ্দিন আহমেদ জানান, গাছ না কাটার বিষয়ে কমিটির অভ্যন্তরে আলোচনা হয়েছিল। তবে শেষ পর্যন্ত গাছগুলো রক্ষা করা সম্ভব হয়নি। অন্যদিকে কমিটির সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ হাসান এ বিষয়ে বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেছেন।
স্থানীয় কিছু বাসিন্দা জানান, পূর্ববর্তী সময়ে সামিয়ানা ব্যবহার করে অস্থায়ী নামাজের ব্যবস্থায় গাছ অক্ষত রাখা হয়েছিল। তাদের মতে, এবার গাছ অপসারণের সিদ্ধান্ত প্রয়োজনীয় ছিল না।
গাছ কাটার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পরিবেশবিষয়ক বিভিন্ন সংগঠন এটিকে “অযৌক্তিক সিদ্ধান্ত” হিসেবে উল্লেখ করে প্রতিক্রিয়া জানায়।
নাগরিক সমাজের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি তদন্তের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া ও যৌক্তিকতা যাচাই করা প্রয়োজন। তাদের ধারণা, প্রয়োজনীয় নীতিমালা অনুসরণ না হলে এ ধরনের সিদ্ধান্ত ভবিষ্যতে শহরের ঐতিহ্য সংরক্ষণে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
ডি আর ডি
মন্তব্য করুন: