শাবিপ্রবির ‘ভিশন এআই’ যাচ্ছে উজবেকিস্তানে
দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য স্মার্ট গ্লাস নিয়ে আন্তর্জাতিক হ্যাকাথনে অংশ নিচ্ছে সিলেট
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একদল তরুণ শিক্ষার্থী কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে দৃষ্টিপ্রতিবন্ধীদের চলাফেরা সহজ করার লক্ষে উদ্ভাবিত ‘স্মার্ট গ্লাস’ নিয়ে পা রাখছে আন্তর্জাতিক অঙ্গনে। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের সেন্ট্রাল এশিয়ান ইউনিভার্সিটিতে আগামী ২৬ থেকে ২৮ মার্চ অনুষ্ঠিতব্য ‘এআই ইন হেল্থ কেয়ার হ্যাকাথন-২০২৬’-এ অংশ নিতে মনোনীত হয়েছে শাবিপ্রবির দল ‘ভিশন এআই’। চার সদস্যের এই প্রতিনিধি দলটির নেতৃত্বে রয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান; দলের অন্য সদস্যরা হলেন পদার্থবিজ্ঞান বিভাগের সিরাতুল ইসলাম এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের মোল্লা ওমর হামজা ও রেহানুল বারী। দলটির মেন্টর হিসেবে দিকনির্দেশনা দিচ্ছেন ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রাসেদুজ্জামান। উদ্ভাবিত এই বিশেষ চশমাটি উন্নত ক্যামেরা ও সেন্সরের মাধ্যমে আশপাশের বাধা শনাক্ত করে রিয়েল-টাইম অডিও নির্দেশনার মাধ্যমে ব্যবহারকারীকে নিরাপদ পথ চিনতে সাহায্য করে, যা দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের পরনির্ভরশীলতা কমিয়ে স্বাধীনভাবে চলাফেরার সুযোগ করে দেবে।
টিম লিডার মেহেদী হাসান জানান, তাঁদের মূল লক্ষ্য এমন একটি সাশ্রয়ী এআই সমাধান বিশ্বদরবারে তুলে ধরা, যা সরাসরি মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও রাশিয়া, তুরস্ক, চীন ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন, যা বৈশ্বিক পরিসরে বাংলাদেশের উদ্ভাবনী দক্ষতা তুলে ধরার একটি বড় সুযোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এ রহমান
মন্তব্য করুন: