সিসিকের মশক নিধন অভিযান শুরু
সিলেট নগরবাসীকে মশার উপদ্রব থেকে স্বস্তি দিতে বিশেষ অভিযান শুরু করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। শনিবার বিকেলে নগরীর নয়াসড়কে আটটি ওয়ার্ডে একযোগে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
এর আগে সকালে সিলেট সার্কিট হাউস-এ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, জনগণের জন্য অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। উন্নয়নকাজ দ্রুত ও মানসম্মতভাবে শেষ করার ওপর জোর দেন তিনি। সিলেট থেকে দুজন মন্ত্রী বর্তমান মন্ত্রিসভায় দায়িত্ব পালন করায় প্রশাসনের ওপর প্রত্যাশা বেড়েছে বলেও উল্লেখ করেন।
বিকেলে অভিযান উদ্বোধনের সময় আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দায়িত্ব গ্রহণের তিন দিনের মাথায় মশক নিধন কার্যক্রম শুরু করা হয়েছে। নগরবাসী দীর্ঘদিন ধরে মশার যন্ত্রণায় অতিষ্ঠ। এ সমস্যা সমাধানে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, সড়ক ও ড্রেনে ময়লা ফেলা বন্ধ না হলে শুধু সিটি করপোরেশনের পক্ষে শহর পরিষ্কার রাখা সম্ভব নয়। নির্ধারিত স্থানে আবর্জনা ফেলতে এবং ব্যবসাপ্রতিষ্ঠানে ডাস্টবিন ব্যবহারের আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এবং শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ডি আর ডি
মন্তব্য করুন: