ট্যাক্স-জিডিপি অনুপাত বাড়াতে রাজস্ব আহরণে জোর সরকারের: সিলেটে বাণিজ্যমন্ত্রী
বাণিজ্য ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, একটি দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি হলো তার শক্তিশালী কর ব্যবস্থা এবং করের হার না বাড়িয়েও সামগ্রিক রাজস্ব আহরণ বৃদ্ধির মাধ্যমে ট্যাক্স-জিডিপি রেশিও বাড়ানো এখন সময়ের দাবি।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সিলেটের ঐতিহ্যবাহী মদনমোহন সরকারি কলেজ প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, দক্ষিণ-পূর্ব এশিয়ার সমমানের অর্থনীতির দেশগুলোর তুলনায় বাংলাদেশের ট্যাক্স-জিডিপি অনুপাত অনেক কম হওয়ায় উন্নয়ন কর্মকাণ্ডে প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করা চ্যালেঞ্জিং হয়ে পড়ছে।
মন্ত্রী উল্লেখ করেন, সরকারের সংগৃহীত রাজস্ব দিয়েই প্রশাসন পরিচালনা, বেতন-ভাতা, পেনশন এবং দেশি-বিদেশি ঋণের কিস্তি পরিশোধ করা হয়; আর এসব ব্যয় মেটানোর পর অবশিষ্ট অর্থই বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ব্যয় করা সম্ভব হয়, তাই রাজস্ব আয় বাড়ানো অপরিহার্য।
সীমান্ত দিয়ে অবৈধ পণ্য প্রবেশের ফলে দেশীয় বাজারে সৃষ্ট অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, সাম্প্রতিক কিছু অনিয়মের ঘটনায় সরকার মর্মাহত এবং চোরাচালান ও বাজার সিন্ডিকেট দমনে সরকার জিরো টলারেন্স নীতিতে কঠোর অবস্থান গ্রহণ করছে। দেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি ও রাজস্ব কাঠামো সংস্কারে সরকারের গৃহীত পদক্ষেপগুলো দ্রুত দৃশ্যমান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বাণিজ্যমন্ত্রী।
এ রহমান
মন্তব্য করুন: