সিলেটে ৯১টি খাল খননের মেগা পরিকল্পনা
Led Bottom Ad

১৮০ দিনের বিশেষ কর্মসূচিতে নতুন সরকার

সিলেটে ৯১টি খাল খননের মেগা পরিকল্পনা

প্রথম সিলেট প্রতিবেদন

০৩/০৩/২০২৬ ১৬:৪৮:৫২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের ১৩টি উপজেলায় ছড়িয়ে থাকা প্রাকৃতিক জলাধার ও খালগুলোকে দখল-দূষণমুক্ত করে কৃষি উৎপাদন বৃদ্ধি ও বন্যা প্রতিরোধের লক্ষ্যে বড় ধরনের খনন উদ্যোগ হাতে নিয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তালিকাভুক্ত ১১৩টি খালের মধ্যে প্রাথমিকভাবে ৯১টি খাল খননের জন্য ১৮০ দিনের একটি বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

পাউবো সিলেট কার্যালয় সূত্রে জানা গেছে, এই তালিকায় স্থানীয় সংসদ সদস্যদের চাহিদা অনুযায়ী ১২টি এবং পাউবোর নিজস্ব পর্যবেক্ষণে থাকা ৭৯টি খাল অন্তর্ভুক্ত রয়েছে; তবে সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী তাঁদের এলাকার খালের নাম এখনো জমা না দেওয়ায় চূড়ান্ত তালিকাটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি ২০টি করে খাল রয়েছে জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলায়; এছাড়া বিয়ানীবাজারে ১১টি, কোম্পানীগঞ্জে ১০টি এবং গোলাপগঞ্জে ৯টিসহ সবকটি উপজেলাতেই এই খনন কাজ পরিচালিত হবে।

পরিবেশকর্মী সালেহীন চৌধুরী শুভ ও সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনের আহ্বায়ক আব্দুল করিম কিম এই উদ্যোগকে স্বাগত জানালেও দীর্ঘমেয়াদী সুফল পেতে সমন্বিত জরিপ ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর জোর দিয়েছেন।

সিলেট পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস জানিয়েছেন, মন্ত্রীদের প্রস্তাবিত নামগুলো পাওয়ামাত্রই তালিকাটি চূড়ান্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে, যা বাস্তবায়িত হলে সিলেটের কৃষিখাতে আমূল পরিবর্তন আসবে এবং বন্যার ঝুঁকি অনেকটাই হ্রাস পাবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad