সিলেটে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
‘বিগত সরকারের আমলে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের মডেল প্রশ্নবিদ্ধ’
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রবর্তিত দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের মডেলকে 'প্রশ্নবিদ্ধ' হিসেবে অভিহিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
মঙ্গলবার (৩ মার্চ) সিলেট সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দলীয় প্রতীক দিয়ে স্থানীয় নির্বাচন করার আইনি পরিবর্তনটি জনমনে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে; তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সাধারণ প্রতীকে নির্বাচনের লক্ষ্যে একটি নতুন অধ্যাদেশ জারি করেছে যা আগামী ১২ মার্চ জাতীয় সংসদে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য উপস্থাপন করা হবে।
প্রতিমন্ত্রী স্পষ্ট করেন যে, সিটি কর্পোরেশনগুলোতে নির্বাচন দিতে সরকারের পক্ষ থেকে কোনো দীর্ঘসূত্রতা করা হবে না এবং নাগরিকদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে ওয়ার্ড পর্যায়ে প্রশাসক নিয়োগের বিষয়টি জাতীয় পর্যায়ের আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে।
সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বর্তমান প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর ভূয়সী প্রশংসা করে বলেন, সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন এই প্রশাসকের নেতৃত্বে সিলেট একটি আধুনিক নগরে পরিণত হবে।
সভায় তিনি নগরীর জলাবদ্ধতা নিরসনে ছড়া ও খাল খনন, দুই পাড়ে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ এবং পৃথক ‘সিটি ওয়াসা’ স্থাপনের মতো জনবান্ধব প্রকল্পগুলো দ্রুত অনুমোদনের আশ্বাস দেন।
সকালে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে সফর শুরু করা প্রতিমন্ত্রীর সঙ্গে এদিন সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্যবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ রহমান
মন্তব্য করুন: