শাহজালাল (রহ.)-এর ব্যবহৃত নিদর্শন সংরক্ষণে জাদুঘর স্থাপনের নির্দেশ হাইকোর্টের
সিলেটের আধ্যাত্মিক সাধক হযরত শাহজালাল (রহ.)-এর ব্যবহৃত ঐতিহাসিক ও স্মৃতিবিজড়িত সামগ্রীগুলো যথাযথভাবে সংরক্ষণের লক্ষ্যে মাজার প্রাঙ্গণে একটি বিশেষায়িত জাদুঘর স্থাপনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে এই আদেশ প্রদান করেন; একই সঙ্গে আদালতের নির্দেশনায় এসব দুষ্প্রাপ্য নিদর্শন বর্তমান অবস্থা থেকে সরিয়ে নেওয়া বা তৃতীয় কোনো পক্ষের কাছে হস্তান্তরের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
রিটকারী আইনজীবী আদালতকে জানান, শত শত বছর ধরে ওলির ব্যবহৃত তরবারি, খরম, জায়নামাজ ও বিশালাকার পাতিলসহ বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন বর্তমানে বিচ্ছিন্নভাবে কিছু ব্যক্তির কাছে ও বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে, যার ফলে সাধারণ দর্শনার্থীরা এগুলো দেখার সুযোগ পাচ্ছেন না। ১৯৬৮ সালের অ্যান্টিকুইটিজ অ্যাক্ট বা প্রত্নসম্পদ আইনের কথা উল্লেখ করে আদালত রুল জারি করেছেন— কেন এসব নিদর্শন সরকারিভাবে তালিকাভুক্ত (ইনভেন্টরি) করে যথাযথ সংরক্ষণ করা হবে না এবং কেন একটি বিশেষজ্ঞ উপদেষ্টা কমিটি গঠন করা হবে না।
অন্তর্বর্তীকালীন আদেশে আদালত আরও বলেন, বর্তমানে ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিকভাবে যাদের জিম্মায় এই অমূল্য সম্পদগুলো রয়েছে, তাদের এগুলো রক্ষণাবেক্ষণের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।
এই আদেশের ফলে সিলেটের ইতিহাস ও ঐতিহ্যের স্মারকগুলো রাষ্ট্রীয়ভাবে সংরক্ষিত হওয়ার আইনি পথ সুগম হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ রহমান
মন্তব্য করুন: