সিলেটে দুই মাসে ১৬৭ জন নারী নির্যাতনের শিকার
Led Bottom Ad

সিলেটে দুই মাসে ১৬৭ জন নারী নির্যাতনের শিকার

প্রথম সিলেট প্রতিবেদন

০৭/০৩/২০২৬ ০২:০২:২৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট বিভাগে পারিবারিক সহিংসতা ও ধর্ষণকাণ্ডের মতো নারী নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় জনমনে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। সরকারি ‘ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার’ (ওসিসি)-এর সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি—এই মাত্র দুই মাসে সিলেটে মোট ১৬৭ জন নারী বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন।

ওসিসির তথ্যানুযায়ী, জানুয়ারি মাসে ৩৫ জন এবং ফেব্রুয়ারি মাসে ২০ জন নারী ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয়েছেন, এছাড়া একই সময়ে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন যথাক্রমে ৫৮ এবং ৫৪ জন নারী—অর্থাৎ দুই মাসে শারীরিক নির্যাতনের মোট সংখ্যা ১১২।

সিলেটের ওসিসির কো-অর্ডিনেটর ডা. মোস্তফা আল্লামা তালুকদার (পিয়াল) জানান, তাদের কেন্দ্র থেকে ভুক্তভোগীদের চিকিৎসা, আইনি পরামর্শ, এজাহার লিখন ও আদালতে মামলা পরিচালনার ক্ষেত্রে সর্বাত্মক সহায়তা দেওয়া হচ্ছে।

এদিকে, নারী নির্যাতনের এই ভয়াবহ চিত্র দেখে সমাজ বিশ্লেষকরা মনে করছেন, পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় এবং বিচারহীনতার সংস্কৃতির কারণেই অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।

সিলেট মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি অস্বীকার করে দাবি করেছেন যে, পুলিশের নিয়মিত সচেতনতামূলক কার্যক্রমের ফলে মহানগর এলাকায় নির্যাতনের হার কিছুটা নিম্নমুখী, তবে ওসিসির পরিসংখ্যান অন্য বাস্তবতা তুলে ধরছে।

সচেতন নগরবাসী ও মানবাধিকার কর্মীরা বলছেন, কেবল আইনি লড়াই নয়, বরং অপরাধীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং তৃণমূল পর্যায়ে শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে না তোলা গেলে এই সহিংসতা নিয়ন্ত্রণ করা কঠিন হবে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad