সিলেটে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর
সিলেটে ছিনতাই ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, অপরাধ দমনে কোনো ধরনের তদবির বা সুপারিশ গ্রহণ করা যাবে না। অপরাধীদের পক্ষে কেউ তদবির করলে তাকেও আইনের আওতায় আনতে হবে।
রোববার (৮ মার্চ) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, রমজান ও ঈদকে সামনে রেখে নগর ও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের টহল জোরদার করতে হবে। ছিনতাই প্রতিরোধে সাদা পোশাকে নজরদারি বাড়ানো এবং গোয়েন্দা কার্যক্রম আরও সক্রিয় করার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে মার্কেট ও জনসমাগমস্থলে সিসি ক্যামেরার নজরদারি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, সন্ধ্যার পর অনেক নারী ক্রেতা বাজার ও শপিংমলে আসেন। তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কেটের ভেতরে ও আশপাশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে।
ছিনতাইয়ের ধরন সম্পর্কে মন্ত্রী বলেন, অনেক সময় একাধিক মোটরসাইকেলে করে সংঘবদ্ধভাবে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসব মোটরসাইকেলের অনেকগুলোর নম্বর প্লেট থাকে না। তাই বিশেষ করে রমজান মাসে মোটরসাইকেল চলাচলে নজরদারি বাড়াতে হবে।
কিশোর গ্যাংয়ের প্রসঙ্গে তিনি বলেন, “এ ধরনের অপরাধী গোষ্ঠীর পেছনে কারা মদদ দিচ্ছে তা খতিয়ে দেখতে হবে। তরুণদের অপরাধে জড়িয়ে পড়া থেকে বিরত রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।”
পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, “অপরাধ দমনে আপনারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। কোনো প্রভাব বা সুপারিশ যেন আইনের পথে বাধা হয়ে না দাঁড়ায়। প্রকৃত অপরাধী ধরা পড়লে তার পক্ষে কেউ তদবির করলে তাকেও আইনের আওতায় আনা হবে।”
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম–এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইমরান আহমদ চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ডি আর ডি
মন্তব্য করুন: