ছিনতাই আতঙ্কে সিলেট : লাগাম টেনে ধরার আহবান
Led Bottom Ad

ছিনতাই আতঙ্কে সিলেট : লাগাম টেনে ধরার আহবান

আশিস রহমান,নিজস্ব প্রতিবেদক

০৯/০৩/২০২৬ ০০:০২:৩৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে ড্রেনের ভিতর থেকে অপরাধীদের ধরতে পেরেছে পুলিশ। তবে প্রকাশ্য অপরাধীদের গ্রেপ্তারে সফলতা নেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। সিলেটে গেল এক মাসে প্রকাশ্য ছিনতাইয়ে অন্তত ১৪ টি ঘটনা ঘটে। তবে রমজান শুরুর পর ছিনতাইকারী চক্র আরো বেপরোয়া হয়ে উঠে। বিশেষ করে নগরীর পৃথক স্থানে প্রকাশ্য দুটি ছিনতাইয়ের ঘটনায় এখনও শঙ্কিত নগরবাসী। ঘটনার দুই সপ্তাহ পরও দুটি ঘটনায় সম্পৃক্ত কোন ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে পারে নি পুলিশ। 


এদিকে প্রকাশ্য ছিনতাই এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়ে যাওয়ায় নগরবাসীর মধ্যে উদ্বেগের মাত্রা বাড়ছে। রোজা শুরুর পর বিশেষ করে দুইটি ছিনতাইয়ের ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় আতঙ্ক আরও বৃদ্ধি পেয়েছে। পুলিশ এখনও এই ঘটনার মূল অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি।


বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সূত্র অনুযায়ী গেল এক মাসে নগরীতে অন্তত ১৪টি প্রকাশ্য ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোববার সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “সিলেটে ছিনতাই ও কিশোর গ্যাংয়ের তৎপরতার লাগাম টেনে ধরতে হবে। কোনো ধরনের তদবির গ্রহণযোগ্য নয়। অপরাধীদের পক্ষে কেউ দাঁড়ালে তাকেও আইনের আওতায় আনা হবে।”


মন্ত্রীর এই সতর্কবার্তার আগে সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে শক্ত অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন।


কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা:

সাগরদিঘির পারের কলেজছাত্রী ছিনতাই: মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি শিক্ষার্থীর মোবাইল ও ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। একজনের হাতে লম্বা দা ছিল, যা দিয়ে শিক্ষার্থীকে ভয় দেখানোর চেষ্টা করা হয়। মোবাইল ও ব্যাগ ছিনিয়ে নিতে ব্যর্থ হয়ে তারা পালিয়ে যায়।


হাউজিং এস্টেটের নারী কর কর্মকর্তা ছিনতাই: ২৪ ফেব্রুয়ারি বিকেল ৩টার দিকে ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ঘটনার পর এয়ারপোর্ট থানার ওসি শাহ মোবাশ্বিরকে প্রত্যাহার করা হয়।


সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি মাইনুল জাকির জানান, “প্রকাশ্য ছিনতাই ছাড়াও নগরীর বিভিন্ন এলাকায় প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটছে। গত কয়েক দিনে আমরা ৯ জনকে গ্রেপ্তার করেছি। তবে আলোচিত দুটি ছিনতাইয়ের ঘটনায় কেউ ধরা পড়েনি।”


স্থানীয়রা অভিযোগ করেন, থানায় অভিযোগ করতে গেলে নিরাপত্তা শঙ্কার কারণে অনেকেই পুলিশকে খবর দিচ্ছেন না। ফলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।


মহানগর পুলিশের কর্মকর্তারা বলছেন, নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে ছিনতাই প্রতিরোধে পুলিশি অভিযান আরও বাড়ানো হবে এবং প্রকাশ্য চেকপোস্টের সংখ্যা বৃদ্ধি করা হবে। তবে নাগরিকদের সতর্ক থাকার আহ্বানও দেওয়া হয়েছে।


সিলেটবাসী আশা করছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এবং নগরীতে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করবে।


তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad