সিলেটে বেকার নারীদের স্বাবলম্বী করতে ‘মডেস্ট্রি লেডিস টেইলার্স’ উদ্বোধন
সিলেটে বেকার নারীদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নগরের হাওয়াপাড়ায় উদ্বোধন করা হয়েছে মডেস্ট্রি লেডিস টেইলার্স। উদ্যোক্তারা বলছেন, নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এ উদ্যোগের প্রধান লক্ষ্য।
সোমবার (৯ মার্চ) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী তাহমিনা হাসান চৌধুরী। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য এবং সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি–এর পরিচালক।
তাহমিনা হাসান চৌধুরী বলেন, সমাজে এখনো অনেক নারী আছেন যারা নানা কারণে কর্মসংস্থানের সুযোগ পান না। অনেকেই বেকারত্বের কারণে হতাশায় ভোগেন। তাদের দক্ষতা উন্নয়ন এবং আত্মবিশ্বাস গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই। তিনি বলেন, ‘আমরা চাই নারীরা শুধু নির্ভরশীল না থেকে নিজেদের দক্ষতা দিয়ে আয় করতে পারুক এবং পরিবার ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখুক।’
তিনি আরও বলেন, মডেস্ট্রি লেডিস টেইলার্সে আগ্রহী নারীদের সেলাই ও পোশাক তৈরির প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে তারা নিজেরা কাজ শুরু করতে পারবেন অথবা প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত হয়ে কাজ করার সুযোগ পাবেন। এর মাধ্যমে ধীরে ধীরে নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ওমেন ফর ওমেন রাইটস–এর চেয়ারম্যান সামিয়া বেগম চৌধুরী বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা গেলে পরিবার ও সমাজ উভয় ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আসে। তাই নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এমন উদ্যোগ নি:সন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি–এর পরিচালক গাজী জিনাত আফজা ও শাহানা চৌধুরী, নারী উদ্যোক্তা তামান্না নাসরিন, রোটারি ক্লাব অব সিলেট ইম্পেরিয়াল এর প্রেসিডেন্ট মো. বাহার উদ্দিন এবং রোটারিয়ান হাসান কবির চৌধুরীসহ সিলেটের বিভিন্ন নারী উদ্যোক্তাবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ সিলেটে নারীদের জন্য নতুন কর্মসংস্থানের পথ তৈরি করবে এবং অনেক বেকার নারী প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।
সজল আহমদ
মন্তব্য করুন: