পাঁচ দফা দাবি উত্থাপন
সিলেটে পেট্রোল পাম্পকর্মীর ওপর হামলা : আজ দুপুর ২টা পর্যন্ত প্রতীকী ধর্মঘট
সিলেট বিভাগে পেট্রোল পাম্প কর্মীদের ওপর ধারাবাহিক হামলা ও নিরাপত্তাহীনতার প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত প্রতীকী ধর্মঘট ও কর্মবিরতি পালন করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় শাখা এই কর্মসূচির ডাক দিয়েছে। কর্মবিরতির ফলে আজ দুপুর পর্যন্ত বিভাগের সব ফিলিং স্টেশনে জ্বালানি সরবরাহ বন্ধ রয়েছে।
সংগঠনটির নেতারা জানান, সোমবার সন্ধ্যায় নগরীর চৌকিদেখী এলাকার উত্তরা পেট্রোলিয়ামে জ্বালানি সংগ্রহকে কেন্দ্র করে পাম্পের বিক্রয়কর্মী মিঠু গোয়ালাকে (২২) ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। একই দিনে শ্রীমঙ্গলের একটি রিফুয়েলিং স্টেশন ও রোববার রাতে সিলেটে আরেকটি পাম্পে কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। পাম্পকর্মীদের ওপর এসব ন্যাক্কারজনক হামলা ও নিরাপত্তাহীনতার প্রতিবাদে তারা এই কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াশদ আজিম আদনান ও সাধারণ সম্পাদক হুমায়ূন আহমদ এক বিবৃতিতে বলেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মালিক ও শ্রমিকরা যখন দিন-রাত নিরলস কাজ করছেন, তখন এমন হামলা মেনে নেওয়া যায় না। তারা পেট্রোল পাম্প ও সেখানে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
কর্মবিরতি চলাকালে সংগঠনটির পক্ষ থেকে ৫ দফা দাবি উত্থাপন করা হয়েছে। দাবিসমূহের মধ্যে রয়েছে—পাম্পে কর্মরত কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, বিপিসি আরোপিত অযৌক্তিক দৈনিক কোটা পদ্ধতি প্রত্যাহার, বাস্তবসম্মত ও কার্যকর জ্বালানি বিপণন ব্যবস্থা পুনর্বহাল এবং সিলেট অঞ্চলে জরুরি ভিত্তিতে অতিরিক্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা।
এ রহমান
মন্তব্য করুন: