সিলেটে পেট্রোল পাম্প কর্মচারীকে ছুরিকাঘাত: তিন যুবক গ্রেপ্তার
সিলেট নগরের চৌকিদেখী এলাকায় একটি পেট্রোল পাম্পের কর্মচারীকে মারধর ও ছুরিকাঘাতের ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত রোববার (৯ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে সিলেট মহানগরের এয়ারপোর্ট থানার চৌকিদেখী এলাকায় অবস্থিত উত্তরা পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে এসে সিরিয়াল ভেঙে জ্বালানি নিতে চাইলে পাম্পের কর্মচারী আপত্তি জানান। এ নিয়ে কথা–কাটাকাটির একপর্যায়ে কয়েকজন যুবক ওই কর্মচারীর ওপর হামলা চালায়। এ সময় তাকে মারধর করা হয় এবং ছুরিকাঘাত করা হয়।
আহত কর্মচারী জাহাঙ্গীর আলম এ ঘটনায় এয়ারপোর্ট থানায় একটি মামলা করেন।
পুলিশ জানায়, মামলার পর রাত নয়টার দিকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্রের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ফাহিম আহমদ (২১), তামিম আহমদ (১৯) ও তানজিম আহমদ সজীব (১৯)। তাঁদের বাড়ি সিলেটের এয়ারপোর্ট থানার বিভিন্ন এলাকায়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ডি আর ডি
মন্তব্য করুন: