ফেঞ্চুগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোবাইল ব্যবসায়ীর মৃত্যু
সিলেটের ফেঞ্চুগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইমরান হোসেন হৃদয় (২৫) নামে এক মোবাইল ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের ফেঞ্চুগঞ্জ ফেরিঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান উপজেলার কচুয়াবহর (পালবাড়ি) গ্রামের মো. চমক আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৌলভীবাজার থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস (সিলেট মেট্রো-ব-১১-০০২৯) বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দিলে আরোহী ইমরান গুরুতর আহত হন। তাকে প্রথমে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ ঘটনায় ফেঞ্চুগঞ্জ থানার এসআই এ.এম.এম আশরাফুল হক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে বাস ও দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করেছেন এবং বাসের চালক মো. তাজউদ্দিনকে (৪২) আটক করেছেন। আটককৃত চালক সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীখেল শুল্লি গ্রামের মো. মোছাব্বির আলীর ছেলে।
ঘটনার পর এআই আশরাফুল হক জানিয়েছেন, বর্তমানে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ৮ মার্চ রবিবার একই এলাকায় নির্মাণাধীন ব্রিজের পাশে ট্রাকের চাপায় সাথী খাতুন নামে এক এনজিও কর্মী নিহত হন। মাত্র দুদিনের ব্যবধানে একই স্থানে পরপর দুটি প্রাণঘাতী দুর্ঘটনার ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং তারা দ্রুত সড়ক নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।
এ রহমান
মন্তব্য করুন: