সিলেটর হাউজিং এস্ট্রেটে ছিনতাইকাণ্ডের মূলহোতা গ্রেপ্তার
সিলেট নগরের হাউজিং এস্টেট এলাকায় দিনদুপুরে সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে কর পরিদর্শকের ভ্যানিটি ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় জড়িত মূলহোতা রশিদ আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ মার্চ) ভোরে কানাইঘাট উপজেলার একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোয়েন্দা নজরদারির মাধ্যমে কানাইঘাট থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে রশিদ আহমদ (ওরফে রশিদ আলী) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তাকে এয়ারপোর্ট থানায় নেওয়া হয়েছে। গ্রেপ্তার রশিদ কানাইঘাট উপজেলার বিষ্ণুপুর এলাকার বাসিন্দা।
পুলিশের ভাষ্য, রশিদ একটি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। হাউজিং এস্টেট এলাকায় সংঘটিত ছিনতাইয়ের ঘটনার সিসিটিভি ফুটেজে তাকে সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে নারী যাত্রীর ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিতে দেখা গেছে।
ডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে বিভিন্ন কৌশল অবলম্বন করে মূলহোতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি নগরের হাউজিং এস্টেট এলাকায় তিনটি মোটরসাইকেলে আসা ছয়জন ছিনতাইকারী একটি সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে। পরে অটোরিকশায় থাকা কর পরিদর্শক ইয়াসমিন আক্তারের ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয় তারা। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
জিডি সূত্রে জানা গেছে, ব্যাগে প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা, স্বাক্ষর করা চেকবইয়ের কয়েকটি পাতা, একটি আইফোন ও এটিএম কার্ড ছিল। পরে ছিনতাইকারীরা টাকা ও চেকবইয়ের পাতা নিয়ে গেলেও আইফোন ও এটিএম কার্ড একটি রেস্তোরাঁর সামনে ফেলে রেখে যায়।
তাহির আহমদ
মন্তব্য করুন: