গোয়াইনঘাটে মোটরসাইকেল চালককে ধাক্কা দিয়ে হত্যা: পিকআপ চালক গ্রেপ্তার
সিলেটের গোয়াইনঘাটে দ্রুতগতির পিকআপের ধাক্কায় জসিম উদ্দিন নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত পিকআপ চালক মুজিবুর রহমানকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (১১ মার্চ) রাতে গোয়াইনঘাট থানাধীন আলীরগাঁও ইউনিয়নের কোওর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে তাকে থানা পুলিশের মাধ্যমে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
র্যাব জানায়, চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি রাতে জসিম উদ্দিন তার সঙ্গীসহ মোটরসাইকেলে করে গোয়াইনঘাট বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে হাকুর বাজার সংলগ্ন পুকাশ এলাকায় বিপরীত দিক থেকে আসা মুজিবুর রহমানের দ্রুতগতির পিকআপটি মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে জসিম সড়কে ছিটকে পড়ে মারাত্মক আহত হন এবং ঘটনাস্থল থেকে পিকআপ ফেলে চালক মুজিবুর রহমান দ্রুত পালিয়ে যান। পরবর্তীতে স্থানীয়রা জসিমকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত মুজিবুর রহমান গোয়াইনঘাটের উপর সাতাইন গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে। হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পর ঘাতক চালককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে র্যাব।
এ রহমান
মন্তব্য করুন: