সিলেটে ফাল্গুনের শেষে স্বস্তির বৃষ্টি: ৩ ঘণ্টায় ৭৯ মিলিমিটার রেকর্ড
কয়েক দিনের ভ্যাপসা গরমের পর ফাল্গুনের শেষ প্রহরে সিলেটে নেমেছে বহু কাঙ্ক্ষিত স্বস্তির বৃষ্টি। শুক্রবার (১৩ মার্চ) ভোর থেকেই শীতল বাতাস ও মেঘলা আকাশের পর সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা তিন ঘণ্টার ভারী বর্ষণে ভিজেছে সিলেট নগরী ও আশপাশের এলাকা। দীর্ঘক্ষণ চলা এই বৃষ্টিতে ধুলোবালিময় প্রকৃতি প্রাণ ফিরে পেলেও নগরীর বেশ কিছু নিচু সড়কে সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে দেখা গেছে।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় ৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত আরও ২ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। অর্থাৎ দিনের প্রথম ৬ ঘণ্টায় সিলেটে মোট ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানান, মৌসুম পরিবর্তনের এই সময়ে এ ধরনের বৃষ্টি ও দমকা হাওয়া স্বাভাবিক। লঘুচাপের প্রভাবে আগামী ১৭ মার্চ পর্যন্ত সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।
বৃষ্টির ফলে তাপমাত্রা কমে আসায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরলেও বজ্রপাতের আশঙ্কায় জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ। বিশেষ করে খোলা স্থানে চলাচল ও বজ্রপাতের সময় গাছ বা বৈদ্যুতিক খুঁটির নিচে আশ্রয় না নিতে অনুরোধ করা হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: