সাশ্রয় হবে প্রায় ১৪ কোটি টাকা
অকেজো ২০ যানবাহন মেরামতের উদ্যোগ সিসিকের
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) গ্যারেজে দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে থাকা ২০টি যানবাহন মেরামত করে পুনরায় সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার সকালে নগরের তোপখানায় সিসিকের পরিবহন শাখায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন সিসিকের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী। এ সময় সেখানে নবনির্মিত একটি আধুনিক শেডেরও উদ্বোধন করা হয়।
সিসিকের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মোহাম্মদ উল্লাহ সজীব জানান, নতুন যানবাহন কিনতে হলে প্রায় ১৫ থেকে ১৬ কোটি টাকা ব্যয় হতো। কিন্তু অচল অবস্থায় থাকা পুরোনো যানবাহনগুলো মেরামত করলে মাত্র ১ কোটি ৩৫ লাখ টাকায় ২০টি গাড়ি পুনরায় সচল করা সম্ভব হবে। এতে প্রায় ১৪ কোটির বেশি টাকা সাশ্রয় হবে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে সাশ্রয়ী ব্যবস্থাপনায় গুরুত্ব দিতে হবে। সিসিকের সব শাখায় খরচ কমানোর চেষ্টা চলছে, তবে কাজের গুণগত মানের সঙ্গে কোনো আপস করা হবে না।
তিনি বলেন, প্রকৌশলীরা নিজস্ব তত্ত্বাবধানে মেরামতকাজ পর্যবেক্ষণ করবেন। প্রতিটি যন্ত্রাংশের গুণগত মান, ওয়ারেন্টি এবং সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। এ কাজে কোনো অবহেলা বা অনিয়ম সহ্য করা হবে না।
নতুন শেড নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, আগে বর্ষাকালে বৃষ্টিতে ভিজে ও রোদে পুড়ে মেকানিকদের গাড়ি মেরামত করতে হতো। এখন থেকে শেডের ভেতরে তারা স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে কাজ করতে পারবেন। এতে কাজের গতি ও মান বাড়বে।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী তানভীর আহমেদ তামিম, জাবেরুল ইসলাম, শাফায়েত আহমদ ও সৈকত, উপসহকারী প্রকৌশলী রাজন মোহন দত্তসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ডি আর ডি
মন্তব্য করুন: