ভ্রাম্যমাণ আদালতের অভিযান
জৈন্তাপুরে মৃত গরুর মাংস বিক্রির চেষ্টার দায়ে কসাইয়ের দোকান সিলগালা
সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে মৃত গরুর মাংস বিক্রির চেষ্টার দায়ে সোমবার (১৬ মার্চ) একটি মাংসের দোকান সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রাণী দেবের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ওই দোকান থেকে বিপুল পরিমাণ মৃত গরুর মাংস উদ্ধার করে মাটির নিচে চাপা দেওয়া হয়েছে।
প্রশাসন সূত্রে জানা যায়, হেমু বেলোপাড়া গ্রামের সমছুল ইসলামের মালিকানাধীন মাংসের দোকানে মৃত গরুর মাংস বিক্রির সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে প্রতিবাদ করলে কসাইরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যান। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত দোকানটি তল্লাশি করে বাছুরের মাংসও জব্দ করে এবং দোকানটি সিলগালা করে দেয়। এছাড়া অভিযানে একটি জীবিত গরু জব্দ করে তা প্রকাশ্যে নিলামে ৭৩ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ এই অনিয়মের ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রাণী দেব জানান, জনস্বার্থবিরোধী এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
এ রহমান
মন্তব্য করুন: