শাহী ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে এবারও জেলার প্রধান ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। চাঁদ দেখা সাপেক্ষে সরকার যেদিন ঈদ ঘোষণা করবে, সেদিনই এ জামাত অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার শাহী ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রী বলেন, ঈদের জামাতকে কেন্দ্র করে সিলেট মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন, সিটি করপোরেশন ও শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সমন্বয়ে প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় শেষ। মুসল্লিদের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা চূড়ান্ত করা হয়েছে। গত বছরের তুলনায় এবার আগেভাগেই প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে ঈদগাহ মাঠের সংস্কার, রং করা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।
ঈদের তাৎপর্য তুলে ধরে মন্ত্রী বলেন, এক মাস সিয়াম সাধনার মাধ্যমে অর্জিত সংযম ও তাকওয়া ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রতিফলিত হওয়া উচিত। হিংসা-বিদ্বেষ পরিহার করে পারস্পরিক ভালোবাসা ও সহমর্মিতা বৃদ্ধির আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “দেশ সবার। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে সম্প্রীতিময় পরিবেশ গড়ে তুলতে হবে।”
এবারের ঈদ জামাতে বরুণার পীর আল্লামা মুফতি রশীদুর রহমান ফারুখ বর্ণভী অংশ নেবেন বলে জানান মন্ত্রী।
এ সময় সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ডি আর ডি
মন্তব্য করুন: