মদীনা মার্কেটে গরুর মাংসের দাম নিয়ে সংঘর্ষ
সিলেটে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
সিলেটে গরুর মাংসের দামকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে বিএনপির দুই অঙ্গসংগঠন—স্বরাষ্ট্র স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল—এর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজীবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান বহিষ্কারের সিদ্ধান্ত দেন। একই সঙ্গে মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য গোলাম রব্বানীকেও দল থেকে বহিষ্কার করা হয়। এই তথ্য জানানো হয়েছে দলটির সহ-দপ্তর সম্পাদক ওসমান গনি-এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিলেটের মদিনা মার্কেট এলাকায়। কথাকাটাকাটির কারণে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, “কথা-কাটাকাটির জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। রাতের মীমাংসার চেষ্টা চলাকালীন আবারো দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়।”
মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান বলেন, “বিএনপির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কেন্দ্রীয় কমিটি তথ্য যাচাই-বাছাই শেষে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়ায় আজিজ খান সজীব ও গোলাম রব্বানীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।”
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: